• মঙ্গলবার , ০৯ জুন, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবম পে-স্কেল কার্যকরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, শিগগিরই গেজেট জারি করবে সরকার

নবম পে-স্কেল কার্যকরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, শিগগিরই গেজেট জারি করবে সরকার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:৩৬ ৯ জুন ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে সরকার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অনুমোদনের পরপরই অর্থ মন্ত্রণালয় থেকে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট জারি করা হবে। চলতি জুন মাসের মধ্যেই এ গেজেট প্রকাশের পরিকল্পনা রয়েছে।

নতুন কাঠামো বাস্তবায়নের জন্য আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পুরো কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে এক লাখ কোটি টাকার বেশি প্রয়োজন হওয়ায় এটি ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত পে-স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল থাকবে। সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

এছাড়া প্রায় ৯ লাখ পেনশনভোগীকেও নতুন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

সরকারি নীতিনির্ধারকরা বলছেন, আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখে পে-স্কেল তিন ধাপে বাস্তবায়ন করা হতে পারে। প্রথম ধাপে ১ জুলাই থেকেই মূল বেতনের প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুই বছরে ধাপে ধাপে বাকি সুবিধা বাস্তবায়ন করা হবে।

তবে ধাপে ধাপে বাস্তবায়নের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন কিছু সরকারি কর্মচারী সংগঠন। তাদের মতে, বর্তমান উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে হলে নতুন পে-স্কেল এক ধাপেই শতভাগ কার্যকর করা উচিত।

সরকার বলছে, সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও রাজস্ব সক্ষমতা বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/