• রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ | ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি

শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি

পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি ও ঢালিউড সুপারস্টার শাকিব খান।

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৭ ২২ নভেম্বর ২০২৬

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এর নায়িকা নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটতে যাচ্ছে। বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি নন, সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কিনজা হাশমি। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রের বরাতে একাধিক সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

হিমেল আশরাফ পরিচালিত ‘মহব্বত’ সিনেমার ঘোষণার পর থেকেই এর প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। শুরুতে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিমের নাম আলোচনায় আসে।

এর মধ্যেই বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে শাকিবের বিপরীতে দেখা যেতে পারে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ‘মহব্বত’ সিনেমায় কিয়ারার অভিনয়ের সম্ভাবনা নেই।

প্রযোজনা সূত্রের দাবি, পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমিকে সিনেমাটির প্রধান নারী চরিত্রের জন্য আগেই নির্বাচন করা হয়েছে। তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেছে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান।

পাকিস্তানের বিনোদন অঙ্গনে পরিচিত মুখ কিনজা হাশমি। ২০১৪ সালে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি। টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী।

বিশেষ করে ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন কিনজা। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন।

এ ছাড়া আলোচিত টেলিছবি ‘রূপোশ’-এ অভিনয়ের মাধ্যমেও দর্শকদের প্রশংসা অর্জন করেন তিনি। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও কাজের অভিজ্ঞতা রয়েছে এই পাকিস্তানি তারকার।

অন্যদিকে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর আবারও শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন পরিচালক হিমেল আশরাফ। নতুন এই সিনেমাটি ২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তির লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ‘মহব্বত’ দিয়েই বাংলাদেশের চলচ্চিত্রে নতুন অধ্যায় শুরু করবেন কিনজা হাশমি। শাকিব খান ও পাকিস্তানি এই অভিনেত্রীর নতুন জুটি দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

বিজ্ঞাপন