• রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

এস এম জহিরুল ইসলাম: গাজীপুর প্রতিনিধি
এস এম জহিরুল ইসলাম: গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৫ ২৬ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণ করতে গেলে পাঁচ লাখ টাকা দাবি ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মো. হুমায়ূন রশিদ। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত আইন উদ্দিন অবশ্য জমিতে নিজের অংশ রয়েছে বলে দাবি করেছেন। 
উপজেলার তেলিহাটি মৌজার তালতলী এলাকায় ৮ দশমিক ৭৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে। হুমায়ূন রশিদের দাবি, ১৯৯৩ সালের নিবন্ধিত দলিলে তাঁর বাবা আব্দুল খালেক জমিটির মালিক হন। বাবার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে তাঁরা জমি ভোগদখল করছেন এবং নামজারি ও খাজনা পরিশোধ করেছেন।
হুমায়ূনের অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে আইন উদ্দিন, তাঁর দুই ছেলে আলমাছ উদ্দিন ও সবুজ মিয়াসহ কয়েকজন দা, লোহার রড ও শাবল নিয়ে জমিতে যান। তাঁরা দখলের চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন। এ সময় স্থাপনা নির্মাণের জন্য পাঁচ লাখ টাকা দাবি করা হয়; টাকা না দিলে মারধর ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তাঁর।
স্থানীয় কয়েকজনের ভাষ্য, জমির সীমানা ও মালিকানা নিয়ে আগে সালিশ এবং মাপজোকের উদ্যোগ হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। আইন উদ্দিনের বিরুদ্ধে তাঁদের তোলা আগের হয়রানি ও চাঁদা দাবির অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আইন উদ্দিন বলেন, ওই জমিতে তাঁরও অংশ আছে। তবে পাঁচ লাখ টাকা দাবি ও হুমকির বিষয়ে তাঁর স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন