• বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের দাম বাড়ানোর নতুন চাপ, সঞ্চালন ও পাইকারি উভয় পর্যায়ে বড় প্রস্তাব

বিদ্যুতের দাম বাড়ানোর নতুন চাপ, সঞ্চালন ও পাইকারি উভয় পর্যায়ে বড় প্রস্তাব

প্রকাশিত: ০৬:০০ ২০ মে ২০২৬

রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে বিদ্যুৎ খাতে বড় ধরনের মূল্য সমন্বয়ের প্রস্তাব উঠে এসেছে। বুধবার (২০ মে) অনুষ্ঠিত ওই শুনানিতে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) সঞ্চালন চার্জ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেয়।

পিজিসিবি ইউনিটপ্রতি সঞ্চালন চার্জ ৩০ পয়সা থেকে বাড়িয়ে ৪৯ পয়সা করার প্রস্তাব দেয়, যা প্রায় ১৯ পয়সা বা প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি। একই সঙ্গে পিডিবি পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি দেড় টাকা বা প্রায় ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করে।

গণশুনানিতে পিডিবির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে ঘাটতি দাঁড়াতে পারে প্রায় ৬২ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরে এই ঘাটতি আরও বেড়ে ৬৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি আরও বলেন, বিদ্যুতের দাম সমন্বয় না করলে পুরো খাত মারাত্মক আর্থিক ঝুঁকিতে পড়বে।

তবে এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র অবস্থান নেন বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠন ক্যাবসহ অংশীজনরা। তাদের অভিযোগ, খাতের অনিয়ম ও দুর্নীতির দায় সাধারণ গ্রাহকের ওপর চাপানো হচ্ছে।

বক্তারা বলেন, বর্তমানে নিত্যপণ্যের উচ্চমূল্যের মধ্যে বিদ্যুতের দাম বাড়ালে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। একই সঙ্গে উৎপাদন খাতে নেতিবাচক প্রভাব পড়বে এবং শিল্প উদ্যোক্তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন।

এদিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর আগামী বৃহস্পতিবার গণশুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/