• বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩০ হাজার টাকা মজুরির দাবি

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩০ হাজার টাকা মজুরির দাবি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩:৫৭ ২৫ নভেম্বর ২০২৬

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের পোশাকশিল্প এলাকা। বুধবার (২৫ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছে।

বেলা সাড়ে ১১টার দিকে সালনা এলাকায় সংঘর্ষ শুরু হয়। একই সময়ে গাজীপুরের মালেকের বাড়ী এলাকাতেও শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিম্নতম মজুরি বোর্ড নতুন বেতন কাঠামো নির্ধারণের সিদ্ধান্ত জানানোর পর বুধবার সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তারা দলবদ্ধভাবে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে।

পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষে পুলিশ ও আনসার বাহিনীর ১০ সদস্য গুরুতর আহত হয়েছেন।

এদিকে শ্রমিক বিক্ষোভের কারণে সালনা থেকে গাজীপুর নগরীর বোর্ডবাজার পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, শ্রমিকদের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, এসআরবি ও আনসার সদস্যরা কাজ করছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, নাওজোড় ও মালেকের বাড়ী এলাকায় মূলত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি আরও জানান, এসব এলাকার অধিকাংশ পোশাক কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তা ও পরিস্থিতি বিবেচনায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।

উল্লেখ্য, বুধবার পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কাঠামো নিয়ে সিদ্ধান্ত জানায় নিম্নতম মজুরি বোর্ড। এতে সর্বনিম্ন গ্রেডের মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়। তবে শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবির মধ্যে নতুন এই সিদ্ধান্ত ঘিরে গাজীপুরে বিক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন