• শনিবার , ২৫ জুলাই, ২০২৬ | ১০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বার্ষিক ম্যাগাজিন উন্মোচন

ইবিতে যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বার্ষিক ম্যাগাজিন উন্মোচন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যশোর জেলা থেকে আগত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি। শনিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে নবীনদের ফুল, ক্রেস্ট ও চাবির রিং দিয়ে বরণ করা হয়। পরে সংগঠনটির বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন এবং ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সাকিব বাবু চাকলাদার এবং তত্ত্বাবধান করেন সাধারণ সম্পাদক ফাহিম মাহমুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বিজ্ঞান অনুষদের ডিন এবং গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, দাওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মাসুদ আল মাহদী ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোছা: শামীমা নাসরিন। এসময় যশোর জেলার প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

সভায় নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সভাপতি সাকিব বাবু চাকলাদার বলেন, “প্রতিদিন অন্তত দুই ঘণ্টা নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে, নোট রাখতে হবে এবং বিভিন্ন সংগঠনে যুক্ত হয়ে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে।” তিনি আরও বলেন, “মাদক, জুয়া ও অবৈধ সম্পর্ক থেকে দূরে থেকে নামাজ, ঘুম, খাওয়া-দাওয়া নিয়মমতো করে সুস্থ থাকতে হবে।”
তিনি বিশেষ করে ছাত্রীদের সাবধানতা, নিরাপত্তা সচেতনতা, খেলাধুলা ও নিজে রান্না করার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে বিদেশে উচ্চশিক্ষার জন্য গবেষণা, সার্টিফিকেট অর্জন ও শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, “‘নকশী কাঁথা ফুলের মেলা, খেজুর গুড়ের যশোর জেলা’— এই ঐতিহ্যবাহী জেলার শিক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক বন্ধন গড়ে তুলেছে। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের যে সংস্কৃতি যশোরিয়ানদের মধ্যে দেখা যায়, তা অত্যন্ত প্রশংসনীয়। ইবিতে এই ঐক্য যেন চিরস্থায়ী হয় এবং ভবিষ্যতেও যশোরিয়ানরা দেশ-বিদেশে নিজেদের মেধা ও মানবিকতার ছাপ রাখে।”

উল্লেখ্য, যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যশোরের শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। ভর্তি সহায়তা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, জরুরি সময়ের সহায়তা প্রদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

বিজ্ঞাপন