• বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে হাবিবের ‘মহাজাদু’

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে হাবিবের ‘মহাজাদু’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩:৫৪ ২৩ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর নিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। ভিডিওটির পটভূমিতে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গাওয়া গান ‘মহাজাদু’।

দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার একান্ত বৈঠক, দ্বিপক্ষীয় আলোচনা, আনুষ্ঠানিক সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রকাশিত ভিডিওতে তারেক রহমানকে মালয়েশিয়ায় স্বাগত জানানো থেকে শুরু করে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক ও আনুষ্ঠানিক মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে হাবিব ওয়াহিদ ও তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তমের গাওয়া ‘মহাজাদু’ গান ব্যবহার করা হয়।

‘মহাজাদু’ গানটি কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের একটি গান। গানটির কথার মূল উৎস বাউল কবি খোয়াজ মিয়ার সৃষ্টি। হাবিব ওয়াহিদের কণ্ঠ ও সুরের কারণে গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায়।

ভিডিওটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অনেক নেটিজেন মন্তব্যে বাংলাদেশের গান ব্যবহারের বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছেন। অনেকে এটিকে দুই দেশের সাংস্কৃতিক বন্ধুত্বের প্রতীক হিসেবেও দেখছেন।

সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমানের এই সফরের লক্ষ্য ছিল বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সহযোগিতা এবং কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা।

দুই দিনের মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হন। সফর শেষে প্রকাশিত এই ভিডিও এখন রাজনৈতিক সফরের পাশাপাশি সাংস্কৃতিক উপস্থাপনার কারণেও আলোচনায় রয়েছে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/