• মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে দামি টয়লেট এবার নিলামে

বিশ্বের সবচেয়ে দামি টয়লেট এবার নিলামে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬:১৯ ৪ নভেম্বর ২০২৫

বিশ্বের সবচেয়ে দামি টয়লেট এবার নিলামে উঠছে। ব্রিটিশ বহুজাতিক কোম্পানি সোথবি শুক্রবার (৩ নভেম্বর) ঘোষণা করেছে, তারা ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের ‘আমেরিকা’ শীর্ষক ভাস্কর্যটি নিলামে তুলবে।

নিলামে উঠতে যাওয়া এই টয়লেটটি সম্পূর্ণ কার্যকরী এবং ২০১৯ সালে ইংল্যান্ডের ব্লেনহেইম প্রাসাদ থেকে চুরি হয়ে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিল। এটি তৈরি হয়েছে ১০১.২ কেজি স্বর্ণ দিয়ে।

নিউইয়র্কে আগামী ১৮ নভেম্বর এই স্বর্ণের টয়লেটের নিলাম শুরু হবে এবং এর প্রাথমিক মূল্য ধরা হয়েছে এক কোটি ডলার।

নিউইয়র্ক ভিত্তিক সোথবির সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপেরিন বলেছেন, মাউরিজিও ক্যাটেলান শিল্প জগতের একজন পরিপূর্ণ উসকানিদাতা এবং সফল শিল্পী। তার অন্যান্য কিছু শিল্পকর্মের উদাহরণ:

‘কমেডিয়ান’ (দেয়ালে টেপ লাগানো কলা) নিলামে বিক্রি হয়েছে ৬২ লাখ ডলারে।

‘হিম’ (অ্যাডলফ হিটলারের হাঁটু গেড়ে বসে থাকা ভাস্কর্য) নিলামে বিক্রি হয়েছে ১ কোটি ৭২ লাখ ডলারে।

শিল্পী মাউরিজিও ক্যাটেলান জানিয়েছেন, তিনি অতিরিক্ত সম্পদকে ব্যঙ্গ করার উদ্দেশ্যে ‘আমেরিকা’ বা স্বর্ণের টয়লেট তৈরি করেছেন। তিনি একবার বলেন,

“আপনি যা-ই খান না কেন, ২০০ ডলারের লাঞ্চ বা ২ ডলারের হট ডগ—টয়লেটে ফলাফল একই।”

বিজ্ঞাপন