• বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে ৮০০ শিশুর যৌন নির্যাতনের তথ্য

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে ৮০০ শিশুর যৌন নির্যাতনের তথ্য

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৩৪ ২৬ নভেম্বর ২০২৬

জার্মানির ক্যাথলিক গির্জায় দীর্ঘ ৭৫ বছরে প্রায় ৮০০ শিশু ও কিশোর যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। ১৯৪৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রিয়ার ক্যাথলিক ডায়োসিসে সংঘটিত এসব ঘটনার সঙ্গে ২৫০ জনের বেশি ধর্মযাজক ও সন্দেহভাজন ব্যক্তির সংশ্লিষ্টতা শনাক্ত করেছেন গবেষকরা।

বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এ গবেষণা প্রতিবেদন তৈরি করেছেন জার্মানির ট্রিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের মতে, নথিভুক্ত নির্যাতনের সংখ্যা প্রায় ৮০০ হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। সামাজিক চাপ, ভয় ও লজ্জার কারণে অনেক ভুক্তভোগী ঘটনা প্রকাশ না করায় সেসব তথ্য গবেষণায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

গবেষণায় দেখা গেছে, শিশুদের ওপর অধিকাংশ নির্যাতনের ঘটনা ঘটেছে ধর্মযাজকদের আবাসিক ভবন, গির্জা, প্রার্থনাকক্ষ এবং গির্জা পরিচালিত ছাত্রাবাস ও আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে। কিছু ক্ষেত্রে ধর্মযাজকরা শিশুদের কাছে যাওয়ার সুযোগ তৈরি করতে স্বীকারোক্তি গ্রহণের ধর্মীয় রীতিকেও ব্যবহার করেছেন। এ ছাড়া অন্তত ২০টি ঘটনায় ভুক্তভোগীদের নিজ বাড়িতে যৌন নির্যাতনের তথ্য পাওয়া গেছে।

গবেষকদের পর্যবেক্ষণে, ক্যাথলিক সম্প্রদায়ের মানুষের কাছে ধর্মযাজকদের সামাজিক মর্যাদা ও পারিবারিক ঘনিষ্ঠতা শিশুদের জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল। ধর্মযাজকদের প্রতি পরিবারের আস্থা থাকায় অনেক শিশু নির্যাতনের কথা কাউকে জানাতে পারেনি। কোনো কোনো ক্ষেত্রে ভুক্তভোগীদের পরিবার থেকেও নীরব থাকার চাপ দেওয়া হয়েছিল।

প্রতিবেদনে গির্জার অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। গবেষকদের তথ্য অনুযায়ী, কয়েকজন জ্যেষ্ঠ গির্জা কর্মকর্তা নির্যাতনের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং অভিযুক্ত ব্যক্তিদের সুরক্ষা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন মিসবিটও গবেষণার বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটির মতে, চূড়ান্ত প্রতিবেদনে যৌন নির্যাতনের ঘটনা আড়াল করা এবং ক্ষমতার অপব্যবহারে গির্জার কর্মকর্তাদের ভূমিকার বিষয়টি উঠে এসেছে।

মিসবিটের দাবি, ২০২১ সালের পরও নির্যাতনের ঘটনা বন্ধ হয়নি। এ কারণে ভুক্তভোগীদের বক্তব্য ও অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত জবাবদিহি প্রতিষ্ঠার দাবিতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন