• সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ১৩তম সিটি করপোরেশন বগুড়া

দেশের ১৩তম সিটি করপোরেশন বগুড়া

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩:০২ ২০ এপ্রিল ২০২৬

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বগুড়া। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় তারেক রহমান বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন শেষে তিনি সিটি করপোরেশন চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

এর আগে সকালে তিনি ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন এবং সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। পরে বেলা সাড়ে ১১টার দিকে পায়ে হেঁটে জেলা জজ আদালতে গিয়ে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন।

পরবর্তীতে তিনি বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করে এটির আনুষ্ঠানিক ঘোষণা দেন। উদ্বোধন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি তার পৈতৃক এলাকা বাগবাড়ীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের সূচনা এবং পৈতৃক বাড়ি পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

সফরের শেষপর্যায়ে বিকেল ৪টায় জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বিকেল ৫টা ৫০ মিনিটে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পূর্ণনির্মাণ কাজের উদ্বোধন করবেন। সবশেষে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত বিরতি শেষে সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

উল্লেখ্য, ২০০৬ সালে তৎকালীন সরকার বগুড়া পৌরসভার সীমানা সম্প্রসারণ করে আশপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১ করা হয়। সে সময় থেকেই বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি। অবশেষে প্রধানমন্ত্রীর হাত ধরে বগুড়া সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/