• বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জকসুতে ভিপি, জিএস, এজিএস সহ শিবির ফুল প্যানেল বিজয়ী

জকসুতে ভিপি, জিএস, এজিএস সহ শিবির ফুল প্যানেল বিজয়ী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:০৬ ৭ জানুয়ারী ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে প্রাথমিক ফলাফলে বড় ধরনের অগ্রগতি পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ঘোষিত ৪টি কেন্দ্রের ফল অনুযায়ী ভিপি, জিএস ও এজিএস—এই তিনটি গুরুত্বপূর্ণ পদেই শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে জকসু নির্বাচন কমিশন এসব কেন্দ্রের ফল ঘোষণা করে।

ঘোষিত ফলাফলে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম মোট ৪২৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৩৯৪ ভোট। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ ৩৮৫ ভোট নিয়ে এগিয়ে থাকলেও ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২০৫ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ৪০৫ ভোট, আর ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩২১ ভোট।

ভূগোল ও পরিবেশ বিভাগে ভিপি পদে শিবিরের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০০ ভোট, ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৯১ ভোট। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৯০ ভোট, বিপরীতে খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৫ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৯৮ ভোট, আর তানজিল পেয়েছেন ৪৫ ভোট।

নৃবিজ্ঞান বিভাগে শিবিরের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট, ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ১১৮ ভোট। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ ১২৩ ভোটে এগিয়ে থাকলেও ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৩ ভোট। তবে এজিএস পদে এখানে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন ছাত্রদলের প্রার্থী—বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১২৬ ভোট, শিবিরের মাসুদ রানা পেয়েছেন ১০২ ভোট।

লোক প্রশাসন বিভাগে ভিপি পদে ছাত্রদলের এ কে এম রাকিব ১৩২ ভোট পেয়ে এগিয়ে থাকলেও শিবিরের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২২ ভোট। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ ১২৩ ভোটে এগিয়ে এবং খাদিজাতুল কুবরা পেয়েছেন ৬২ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ১৩০ ভোট, আর তানজিল পেয়েছেন ১০৬ ভোট।

ফার্মেসি বিভাগে শিবির সমর্থিত প্যানেল শক্ত অবস্থান নিয়েছে। ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৭৮ ভোট, ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৫৩ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৩ ভোট, খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৬ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৭৮ ভোট, আর তানজিল পেয়েছেন ৪৫ ভোট।

এদিকে ভোট গণনা নিয়ে কিছুটা জটিলতাও দেখা দেয়। নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম জানান, রাত ১টার দিকে একটি কেন্দ্রে প্রায় ৩০০ ভোট ম্যানুয়ালি গণনা করা হয়। পরে দুটি ওএমআর মেশিন দিয়ে পুনরায় একই ভোট গণনা করা হয়। যে মেশিনের ফলাফল ম্যানুয়াল গণনার সঙ্গে মিলেছে, সেটি দিয়েই পরবর্তী কেন্দ্রগুলোর ভোট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি ভোট দিয়ে পুনরায় গণনা শুরু হয়।

এর আগে মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার সময় ওএমআর মেশিনে কারিগরি ত্রুটি দেখা দিলে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সমস্যা সমাধানের পর দীর্ঘ বিরতির শেষে পুনরায় ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের পরও কয়েকটি কেন্দ্রে দীর্ঘ লাইন থাকায় অতিরিক্ত সময় দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন করা হয়। নির্বাচনে মোট ভোটার উপস্থিতি ছিল প্রায় ৬৫ শতাংশ। এখনো বাকি রয়েছে ৩৫টি কেন্দ্রের ফলাফল, যা চূড়ান্ত ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

বিজ্ঞাপন

https://moreshopbd.com/