• মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:২৯ ২৩ মে ২০২৬

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারধর ও মালামাল ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা। মামলায় জেলা ছাত্রদলের শীর্ষ নেতাসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ইসলামী ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন ও সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ আরও কয়েকজন।

মামলার অভিযোগে বলা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দলের নেতাকর্মীরা শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় একদল ব্যক্তি তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। এতে নাসীরুদ্দীন পাটওয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ বেশ কয়েকজন আহত হন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার সময় সুযোগ নিয়ে একটি সনি আলফা এ৬৪০০ ক্যামেরা, ট্যামরন লেন্স, মেমোরি কার্ড, কয়েকটি মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে। পাশাপাশি হামলাকারীরা প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে অভিযোগ করা হয়।

ঘটনার বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এনসিপির পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং সেটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/