• শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর

‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৫০ ১২ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তুলেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি দাবি করেছেন, সাবেক ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করা হলে প্রত্যেকের নামে অন্তত শতকোটি টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে গণঅধিকার পরিষদ, মহানগর দক্ষিণের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে নুরের অভিযোগ

নুরুল হক নুর বলেন, জুলাই অভ্যুত্থানের পর জাতীয় ঐক্য বজায় রেখে রাষ্ট্র পুনর্গঠনের কথা থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ও ছাত্র উপদেষ্টাদের ব্যর্থতার কারণে তা সম্ভব হয়নি।

তার অভিযোগ, সাধারণ মানুষের অভূতপূর্ব সমর্থন ধরে রাখা যায়নি। গণমাধ্যমের সামনে আসা সাবেক ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার করেছেন এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, বিপ্লবের আড়ালে বিভিন্ন সুবিধাবাদী মহলের সঙ্গে আঁতাত করে তারা নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এর ফলে তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা বাধাগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নিজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ

নিজের নাম ব্যবহার করে কেউ অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন নুরুল হক নুর।

তিনি দাবি করেন, বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় মাস পার হলেও তার বিরুদ্ধে কেউ সুনির্দিষ্টভাবে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ প্রমাণ করতে পারেনি।

কেউ তার বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলেও চ্যালেঞ্জ জানান তিনি।

বিদেশে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা

কর্মীসভায় নুরুল হক নুর জানান, আগামী দিনে বিদেশের শ্রমবাজার সম্প্রসারণের মাধ্যমে প্রায় ১ কোটি নতুন কর্মসংস্থানের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে।

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি শ্রমবাজার সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কথাও তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন