• বৃহস্পতিবার , ০১ অক্টোবর, ২০২৬ | ১৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের

মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫:৪৯ ৩০ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও সিটি করপোরেশনের সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় সংসদ সদস্য ডা. শফিকুর রহমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমস্যা সমাধানের পথ অবশ্যই নিরপেক্ষ ও মানবিক হতে হবে।

বুধবার দুপুর আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই আহ্বান জানান। জামায়াত আমির জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১৩ থেকে ১০ নম্বর এলাকার হোপ মার্কেট সংলগ্ন ফুটপাতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। সে সময় সংঘর্ষের কারণে সিটি করপোরেশনের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়, কর্মকর্তা-কর্মচারীরা আক্রান্ত হন এবং সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশেরও সংঘর্ষ বাঁধে। এমনকি সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীরাও বাধার মুখে পড়েন।

এলাকার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে স্থানীয় প্রশাসনের পদক্ষেপ নিয়ে বিস্ময় প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের সুবিধা-অসুবিধা সংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করলে তা আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা যেত। তিনি উল্লেখ করেন, সংঘাত এড়িয়ে এমন ব্যবস্থা নেওয়া প্রয়োজন যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হন এবং সাধারণ মানুষের চলাচলের পথও নির্বিঘ্ন থাকে।

অভিযান পরিচালনার নেপথ্যের অনিয়ম ও চাঁদাবাজির বিষয়ে তিনি তীব্র নিন্দা জানান। তার ভাষ্য অনুযায়ী, একটি অসাধু ও চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে এসব ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা তুলে তাদের বসার সুযোগ করে দিয়ে আসছে। যার আর্থিক চাপ শেষ পর্যন্ত সাধারণ ক্রেতাদের ওপরই পড়ে।

বিকল্প ব্যবস্থা ছাড়া হুট করে এমন উচ্ছেদ অভিযান চালানোর সমালোচনা করে বিরোধীদলীয় এই নেতা বলেন, ফুটপাতের ব্যবসায়ীদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হয়েছে কি না, তা ভেবে দেখা দরকার। ভবিষ্যতে যেকোনো পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করার ওপর তিনি জোর দেন। পরিশেষে ডা. শফিকুর রহমান সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, ফ্যাসিবাদের দোসরদের কোনো জায়গা নেই এবং যেকোনো সমস্যার সমাধান হতে হবে নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক উপায়ে।

বিজ্ঞাপন