• মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ ঢাকায় কুয়াশার রহস্য! শীতের বার্তা কি এবার খুব আগেই?

হঠাৎ ঢাকায় কুয়াশার রহস্য! শীতের বার্তা কি এবার খুব আগেই?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৫১ ২০ সেপ্টেম্বর ২০২৫

সর্বোত্তরের তেঁতুলিয়া ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হঠাৎ কুয়াশার আবহাওয়া দেখা গেছে। তেঁতুলিয়ায় শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে দিনের তাপমাত্রা গরম থাকলেও ভোর ও সকাল পর্যন্ত ঘন কুয়াশা ঢেকে রেখেছে চারপাশ। স্থানীয়রা বলছেন, এটি শীতের আগমনী বার্তার নিদর্শন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, মৌসুমি বায়ু নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় উত্তর দিক থেকে পাহাড়ি হিম বাতাস প্রবেশ করতে শুরু করেছে। এর প্রভাবে হঠাৎ কুয়াশা ঘন হয়ে গেছে। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস থাকলেও শনিবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ২৫.২ ডিগ্রি সেলসিয়াসে।

স্থানীয়রা জানান, নদীর তীরে কাশফুল ফুটতে শুরু করেছে, মাঠে জমছে শিশির, আর ধানের ডোগা ভিজছে শিশিরবিন্দুতে। তেঁতুলিয়া সদর উপজেলার নুরে আলম সিদ্দিকী বলেন, “সকালে ঘুম থেকে উঠে চারপাশ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। মনে হচ্ছে এবার শীত অনেক আগে নামবে।” স্বপন আহম্মেদও বলেন, “কয়েকদিন ধরে সন্ধ্যার পর হালকা কুয়াশা নামছে। আজ সকাল চারপাশ কুয়াশায় ঢাকা।”

রাজধানী ঢাকাতেও শনিবার সকাল থেকে আকাশ ছিল ঘোলাটে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত কুয়াশা ও গুমোট আবহাওয়ার সঙ্গে প্রচণ্ড গরম অনুভূত হয়েছিল। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, “এ সময় মৌসুমি বায়ু চলে যাওয়ার ক্রান্তিকাল। ‘লো ক্লাউড’ বা নিচে নেমে আসা মেঘের কারণে ঘোলাটে আবহাওয়া দেখা গেছে। এছাড়া পরিবেশদূষণও এতে ভূমিকা রাখছে। বর্তমানে ঢাকার বায়ুদূষণ স্বাস্থ্যঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, আইকিউ এয়ারের মান ১৭০।”

তেঁতুলিয়া ও আশপাশে এই কুয়াশার সঙ্গে হালকা শীতের আমেজ রয়েছে। হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের মাঝে সাগরে আবারও লঘুচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী বুধবার থেকে উপকূলবর্তী এলাকায় এর প্রভাব পড়তে পারে, তবে বিস্তারিত প্রভাব এখনও স্পষ্ট নয়। ঢাকায় আজও আংশিক বৃষ্টি হতে পারে এবং আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়তে পারে।

এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আগমনী বার্তা স্পষ্ট, আর সাধারণ মানুষ কুয়াশা ও শিশিরে ভেজা সকালে প্রকৃতির নিখুঁত সৌন্দর্য অনুভব করছেন।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/