• বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩:২৭ ২০ অক্টোবর ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যবহারকারীদের আসল পরিচয় নিশ্চিত করতে বিনা মূল্যে ভেরিফিকেশন সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে মূল প্রতিষ্ঠান মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ভুয়া প্রোফাইল ও বিভ্রান্তি ঠেকাতে এ সুবিধা চালু হলেও সবাই কিন্তু এই সুযোগ পাবেন না। নির্দিষ্ট কিছু যোগ্যতা ও কড়া শর্ত পূরণ করলেই কেবল ব্যক্তিগত প্রোফাইলে যুক্ত হবে এই বিশেষ ব্যাজ।

মেটার নতুন নীতি অনুযায়ী, ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টটি হতে হবে সাধারণ ব্যক্তিগত প্রোফাইল; অর্থাৎ কোনো ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে প্রফেশনাল মোড চালু থাকলে এই সুবিধার আওতায় আসা যাবে না।

এছাড়া কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলা নিয়মিত অ্যাকাউন্টের ক্ষেত্রেই কেবল এটি কার্যকর হবে। যেসব প্রোফাইলে ভুয়া তথ্য, প্রতারণা বা সন্দেহজনক কার্যকলাপের প্রমাণ রয়েছে, তারা সরাসরি বাতিল বলে গণ্য হবেন।

পরিচয় নিশ্চিতের জন্য ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত ভিডিও সেলফি ধারণ করে জমা দিতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে সেই ভিডিওর সঙ্গে প্রোফাইল ছবির শতভাগ মিল পাওয়া গেলেই কয়েক মিনিটের মধ্যে পরিচয় নিশ্চিত করা হবে। অন্যথায় আবেদন গৃহীত হবে না।

অর্থ দিয়ে কেনা ব্লু টিকের চেয়ে এই সুবিধার ধরন কিছুটা আলাদা। পেইড সাবস্ক্রিপশনে অতিরিক্ত নিরাপত্তা ও নীল ব্যাজ দেওয়া হলেও, সম্পূর্ণ বিনা খরচের এই ব্যবস্থায় অ্যাকাউন্টে যুক্ত হবে কালো রঙের ভেরিফায়েড ব্যাজ। মূলত ফেসবুক মার্কেটপ্লেস, বিভিন্ন গ্রুপ ও ডেটিং সেকশনে অপরিচিত কারও সঙ্গে যোগাযোগের সময় অপর প্রান্তের ব্যক্তিটি আসল কি না, তা যাচাই করতেই মেটা এই নতুন ফিচার যুক্ত করছে।

বিজ্ঞাপন