• মঙ্গলবার , ১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ১৪ দফা মেনে নেওয়া ছাড়া উপায় নেই’ যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা গালিবাফের

ইরানের ১৪ দফা মেনে নেওয়া ছাড়া উপায় নেই’ যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা গালিবাফের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৩০ ১২ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে তেহরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবই একমাত্র কার্যকর সমাধান বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ইরানের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া ওয়াশিংটনের সামনে আর কোনো বাস্তবসম্মত বিকল্প নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, “চলমান সংঘাত নিরসনে ইরানের ১৪ দফা প্রস্তাব গ্রহণ করা ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে আর কোনো কার্যকর পথ খোলা নেই।” তিনি আরও দাবি করেন, এই প্রস্তাবে ইরানি জনগণের মৌলিক অধিকার ও জাতীয় স্বার্থের বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

গালিবাফের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র যদি অন্য কোনো পথ অনুসরণ করতে চায়, তবে তা কেবল নতুন ব্যর্থতার জন্ম দেবে। তিনি বলেন, “অন্য যেকোনো পন্থা সম্পূর্ণ নিষ্ফল হবে। তারা যত দেরি করবে, আমেরিকান করদাতাদের তত বেশি মূল্য দিতে হবে।”

বিশ্লেষকদের মতে, গালিবাফের বক্তব্যে তেহরানের বর্তমান কৌশল স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে তারা নিজেদের অবস্থানে কঠোরতা দেখাচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও যুদ্ধব্যয়ের বিষয়টিও সামনে আনছে। একই সঙ্গে ইরান তাদের অবস্থানকে জাতীয় অধিকার রক্ষার লড়াই হিসেবেও তুলে ধরছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনার পর থেকেই মধ্যপ্রাচ্যে অস্থিরতা বেড়েছে। এর মধ্যেই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাব পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে পাঠায় তেহরান।

তবে সেই জবাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমি ইরানের প্রতিনিধিদের পাঠানো জবাবটি পড়েছি। এটি আমার মোটেও পছন্দ হয়নি, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

বিশ্লেষকরা বলছেন, উভয় পক্ষের কঠোর অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমাধানের পথ আরও জটিল হয়ে উঠছে। একই সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/