• রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ | ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

একটি এমকিউ-৯ (MQ-9) ড্রোন বিমান ক্রিচ বিমান ঘাঁটির ওপর আকাশপথে বিভিন্ন কৌশল প্রদর্শন করছে। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬ ২১ নভেম্বর ২০২৬

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) রাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মার্কিন সামরিক ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করা হয়।

শনিবার (২১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য প্রকাশ করে। আইআরজিসির বিবৃতির বরাতে জানানো হয়, হরমুজ প্রণালির আকাশে অবস্থানরত ড্রোনটিকে লক্ষ্য করে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। পরে সেটি ভূপাতিত করা হয় বলে দাবি করেছে সংস্থাটি।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৫৮টি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তবে সর্বশেষ ড্রোনটি ধ্বংস হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষের স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ইরানের দাবি করা মোট ৫৮টি ড্রোন ভূপাতিত হওয়ার সংখ্যাটিও স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগেও হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক ড্রোন ধ্বংসের একাধিক দাবি করেছে তেহরান। গত ৪ নভেম্বর আইআরজিসি একই এলাকায় ৫৬তম এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল।

এমকিউ-৯ রিপার ড্রোনের সক্ষমতা

যুক্তরাষ্ট্রের জেনারেল অ্যাটমিকসের তৈরি এমকিউ-৯ রিপার একটি উন্নত চালকবিহীন সামরিক আকাশযান। দীর্ঘ সময় আকাশে অবস্থান করে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে এর।

মার্কিন সামরিক বাহিনী বিভিন্ন অভিযানে এ ধরনের ড্রোন ব্যবহার করে থাকে। দূরপাল্লার অভিযান এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনায় এমকিউ-৯ রিপার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এদিকে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনার মধ্যে নতুন করে ড্রোন ভূপাতিতের দাবি সামনে এল। গুরুত্বপূর্ণ এই জলপথে সাম্প্রতিক সময়ে সামরিক তৎপরতা ও হামলার ঘটনাও ঘটেছে।

বিজ্ঞাপন