• শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ | ৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কাফনের কাপড় রেডি রাখিস’, জোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি

‘কাফনের কাপড় রেডি রাখিস’, জোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:০৭ ২০ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অজ্ঞাত বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় তাকে গ্রেপ্তার অভিযান বন্ধ করতে বলা হয়। পাশাপাশি পরিবারের সদস্যদের ক্ষতি করারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গত বুধবার (১৮ নভেম্বর) জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি আব্দুল হালিম।

জিডির তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে ওসির সরকারি মোবাইল নম্বরে একাধিক হুমকিমূলক বার্তা আসে। বিদেশি একটি নম্বর থেকে ইংরেজি ও বাংলায় এসব বার্তা পাঠানো হয়।

‘আর গ্রেপ্তার করলে রক্ষা নেই’

অভিযোগ অনুযায়ী, হোয়াটসঅ্যাপ বার্তায় ওসিকে ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়।

একটি বার্তায় লেখা হয়, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।’

অন্য বার্তায় ওসিকে গ্রেপ্তার অভিযান থেকে বিরত থাকতে বলা হয়। হুমকিদাতা লিখেছেন, ‘কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’

এ ছাড়া পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করেছেন ওই পুলিশ কর্মকর্তা।

থানায় জিডি, হুমকিদাতাকে শনাক্তের চেষ্টা

হুমকির পর বুধবার রাতেই জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল হালিম। জিডি নম্বর ৯০৪।

ওসি জানান, জোরারগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং মাদকসংক্রান্ত অপরাধে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করছে।

এ ছাড়া বিভিন্ন মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসব অভিযানের কারণেই তাকে হুমকি দেওয়া হতে পারে বলে ধারণা করছেন ওসি। তবে কারা এই বার্তা পাঠিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, হুমকিদাতার পরিচয় ও ব্যবহৃত নম্বর শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

প্রসঙ্গত, জোরারগঞ্জ থানায় দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার ও তদন্ত কার্যক্রমে ভূমিকা রাখার জন্য চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে একাধিকবার পুরস্কৃত হয়েছেন ওসি মোহাম্মদ আব্দুল হালিম।

তবে প্রাণনাশের হুমকির ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করার তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন