• সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:৫৭ ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রিন রোডের মুখে এ ঘটনার সময় আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষের সূত্রপাত নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন।
দুপুর সোয়া ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী হাবিবের দাবি, ক্লাস শেষে তাদের কলেজের বাস সায়েন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী ইটপাটকেল ছোড়েন। এতে বাসের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। খবর পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সেখানে যান।
অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী দাবি করেন, বাড়ি ফেরার পথে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাঁদের ওপর হঠাৎ হামলা করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তাঁদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন; কয়েকজনের মাথায় আঘাত লেগেছে। হামলার কারণ তাঁর জানা নেই বলেও জানান তিনি।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস বলেন, সায়েন্সল্যাব দিয়ে কলেজের বাস যাওয়ার সময় ল্যাবএইড হাসপাতালের সামনে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী সেটি ভাঙচুরের চেষ্টা করেন বলে তিনি জেনেছেন। পরে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের খবর পান তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা কলেজের তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
অধ্যক্ষ আরও জানান, সংঘর্ষের আশঙ্কায় সকাল থেকেই কলেজ প্রশাসন নিউমার্কেট ও ধানমন্ডি থানার সঙ্গে যোগাযোগ করেছিল। শিক্ষার্থীদের বিরত রাখতে ঘটনাস্থলে শিক্ষকদেরও পাঠানো হয়।

বিজ্ঞাপন