• সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপিকে দায়ী করে কটাক্ষ, ভিন্ন বক্তব্য পুলিশের

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপিকে দায়ী করে কটাক্ষ, ভিন্ন বক্তব্য পুলিশের

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৩:২৬ ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সালমানের অভিযোগ, চাঁদা না দেওয়ায় বিএনপির স্থানীয় লোকজন এ হামলা চালিয়েছেন। তবে পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জমি নিয়ে বিরোধের তথ্য পাওয়া গেছে; চাঁদাবাজি বা রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিউ গিনি প্রপার্টিজের প্রকল্প এলাকায় হামলা হয়। স্টুডিওর পাশাপাশি প্রকল্পের অফিস ও আশপাশের স্থাপনাতেও ভাঙচুর হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার সময় সালমান ঢাকার বাইরে ছিলেন। ফিরে এসে ফেসবুক লাইভে ক্ষতিগ্রস্ত স্টুডিও দেখান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ করে ব্যঙ্গাত্মক সুরে বলেন, ‘গ্রেট জব!’ বিএনপির লোকজন হামলা চালিয়েছেন বলেও লাইভে অভিযোগ করেন সালমান। তাঁর এই অভিযোগ স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্টুডিওর এক কর্মকর্তার দাবি, প্রায় ১০০ থেকে ১৫০ জন হামলায় অংশ নেয়। কয়েকজনের হাতে অস্ত্র ছিল বলেও তিনি অভিযোগ করেন। কর্মীদের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
সালমান জানান, স্টুডিওতে প্রায় ৩০ থেকে ৪০ জন ক্লায়েন্টের শুটিংয়ের কাজ সংরক্ষিত ছিল। ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করতে পারেননি তিনি। সহকর্মীদের সান্ত্বনা দিয়ে আবার কাজ শুরু করার কথাও জানান।
এদিকে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুজন এবং পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, নিউ গিনি প্রপার্টিজের জমি নিয়ে বিরোধ থেকে হামলা হয়ে থাকতে পারে। তদন্ত শেষ হওয়ার আগে হামলার কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিজ্ঞাপন