• মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সরকারের ওপর অন্যায় চাপ দিচ্ছে: জামায়াত নেতা তাহের

বিএনপি সরকারের ওপর অন্যায় চাপ দিচ্ছে: জামায়াত নেতা তাহের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫:৫৩ ৩১ অক্টোবর ২০২৫

জামায়াতে ইসলামী’র নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, বিএনপি বর্তমানে অন্যায়ভাবে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে গৃহীত জুলাই সনদে স্বাক্ষর করলেও এখন সেটি অস্বীকার করছে, যা দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। পরে তিনি চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আয়োজিত ভোটকেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “ঐকমত্য কমিশনের মাধ্যমে আমরা সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছি। পরিকল্পনা অনুযায়ী গণভোটের মাধ্যমে সেই সনদকে সংবিধানে যুক্ত করার প্রক্রিয়া চলছিল। সবকিছু ঠিকঠাক থাকলেও বিএনপি হঠাৎ করে পল্টি নিয়েছে। তারা এত দিন ঐকমত্যে থেকে এখন বলছে—এটা মানে না। এটি সরকারের ওপর অন্যায় চাপ সৃষ্টির সমতুল্য।”

তিনি আরও বলেন, “বিএনপি যদি সংস্কার মানতে না চাইত, তাহলে প্রক্রিয়ার শুরুতেই বলতে পারত। কিন্তু তারা সময় নষ্ট করে এখন সংস্কারের বিরোধিতা করছে। এতে তাদের রাজনৈতিক দায়িত্বহীনতা প্রকাশ পাচ্ছে। বিএনপি পরিকল্পিতভাবে দেশে রাজনৈতিক সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে।”

জামায়াত নেতা তাহের বলেন, “জামায়াতে ইসলামী শুরু থেকেই বলছে—সংস্কার জনগণের মতামতের ভিত্তিতেই হতে হবে। জনগণই ক্ষমতার উৎস। এখন বিএনপি বলছে, তারা গণভোট মানে, তবে জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হতে হবে। কিন্তু গণভোট সংস্কারের জন্য, আর নির্বাচন সরকার গঠনের জন্য। বিএনপি যেন তালের রস ও রামের রস একসঙ্গে মেশানোর চেষ্টা করছে।”

তিনি বিএনপির আচরণকে রাজনৈতিক বিভ্রান্তি হিসেবে উল্লেখ করে বলেন, “নির্বাচন না হলে বিএনপির কোনো লাভ নেই। বরং এতে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি ষড়যন্ত্রকারীরা নতুন করে সুযোগ পাবে। বিএনপি যে আচরণ করছে, তাতে মনে হয় তারা সংস্কারবিহীন সেই পুরোনো বাংলাদেশে ফিরে যেতে চায়, যা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি।”

সৈয়দ তাহের আরও বলেন, “যদি সরকার এই চাপের কাছে নতি স্বীকার করে, তাহলে বোঝা যাবে সরকার নিরপেক্ষতা হারিয়েছে। কোনো দলের প্রতি আনুগত্য দেখালে সুষ্ঠু নির্বাচন আশা করা যাবে না। জনগণ তখন সরকারের প্রতি আস্থা হারাবে।”

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কুমিল্লা অঞ্চলের টিম সদস্য আবদুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া এবং চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির সাহাব উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/