• বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি-দুঃশাসনমুক্ত দেশ গড়তে আপস নয়: ডা. শফিকুর রহমান

দুর্নীতি-দুঃশাসনমুক্ত দেশ গড়তে আপস নয়: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:৪৭ ৮ নভেম্বর ২০২৫

দেশে ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা এবং দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জামায়াতে ইসলামী কোনোভাবেই আপস করবে না বলে জানিয়েছেন দলটির আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “আমরা প্রতিশ্রুতির রাজনীতি করি না, বরং কথা ও কাজের মিল রাখার মধ্য দিয়েই নতুন বাংলাদেশ গড়তে চাই। জনগণের আস্থা অর্জনই আমাদের আসল লক্ষ্য।”

শুক্রবার রাতে রাজধানীর মিরপুর পীরেরবাগ ঝিলপাড়ে সমর্থক গোষ্ঠী আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচনের আগে অনেকে নানা প্রতিশ্রুতি দেয়—বাংলাদেশকে আমেরিকা বা কানাডা বানানোর স্বপ্ন দেখায়, কিন্তু নির্বাচনের পর সেই স্বপ্ন ভুলে যায়। জনগণ বারবার ধোকা খেয়েছে, এবার সময় এসেছে ধোকাবাজদের না বলার।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমরা কারও দাদা বা বড় ভাই মানবো না। আত্মমর্যাদার সঙ্গে মাথা উঁচু করে চলবো। আমাদের পররাষ্ট্রনীতি হবে—সব দেশের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়।”

দেশের ভবিষ্যৎ প্রজন্মের দিকেও নজর দিতে চান তিনি। তাঁর ভাষায়, “আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা আত্মনির্ভরশীল হবে, সরকারের মুখাপেক্ষী নয়। তারা নিজেরাই দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।”

জামায়াত আমির বলেন, “আমরা অতীত নিয়ে লড়াই-ঝগড়ায় সময় নষ্ট করেছি, ফলে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছি। এখন সময় এসেছে ঐক্য ও ইতিবাচক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণ সুযোগ দিলে নৈতিক ও আধুনিক শিক্ষা ব্যবস্থা, সবার জন্য ন্যায়বিচার এবং উন্নত বিশ্বের সঙ্গে সম্মানজনক সম্পর্ক স্থাপনের মাধ্যমে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে জামায়াত।

দিনের আগে তিনি পীরেরবাগ ছাপড়া মসজিদ, বাইতুল আরাফা ও বড়বাগ গাউসিয়া মসজিদে নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিজ্ঞাপন