• রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

লাল কার্ডের পর প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি নেইমারের

লাল কার্ডের পর প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি নেইমারের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২:০৮ ২৫ অক্টোবর ২০২৬

ব্রাজিলিয়ান লিগে বাহিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে নতুন বিতর্কে জড়িয়েছেন সান্তোস তারকা নেইমার। প্রতিপক্ষের খেলোয়াড় রদ্রিগো নেস্তরের সঙ্গে বাগ্‌বিতণ্ডার জেরে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর নেস্তরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

শনিবার (২৪ অক্টোবর) রাতে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোস ও বাহিয়ার ম্যাচটি ১-১ গোলে শেষ হয়। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে নেইমারের লাল কার্ড ও মাঠ ছাড়ার সময় তার প্রতিক্রিয়া।

ম্যাচে প্রথমে প্রতিপক্ষের এক ফুটবলারের বুকে বল ছুড়ে মেরে হলুদ কার্ড দেখেন নেইমার। পরে দ্বিতীয়ার্ধ শুরুর আগে রদ্রিগো নেস্তরের সঙ্গে কথা বলার সময় মুখের সামনে হাত রাখেন তিনি। বিষয়টি নিয়ে নেস্তর অভিযোগ জানালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় ঘটনা পর্যালোচনা করেন রেফারি স্যাভিও পেরেইরা সাম্পাইও। এরপর নেইমারকে লাল কার্ড দেখানো হয়।

সিদ্ধান্তে ক্ষুব্ধ নেইমার মাঠ ছাড়ার সময় নেস্তরের আচরণের সমালোচনা করেন। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, নেস্তরের সঙ্গে হাসি-ঠাট্টা ও কথার লড়াই চলছিল। কথা বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মুখের সামনে হাত তুলেছিলেন তিনি। কিন্তু কিছু বলার আগেই নেস্তর অভিযোগের ইঙ্গিত দেন বলে দাবি করেন নেইমার।

প্রতিপক্ষের এমন আচরণকে ফুটবলের নোংরা কৌশল হিসেবে উল্লেখ করে নেইমার বলেন, ‘আমি নেস্তরকে দেখে নেব।’

পরে ভিডিও বার্তায় সান্তোস সমর্থকদের কাছে ক্ষমা চান ব্রাজিলিয়ান তারকা। লাল কার্ডের সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি জানান, মাঠ থেকে তাকে বের করে দেওয়াটা ন্যায্য ছিল। একই সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ায় সতীর্থদের প্রশংসা করেন তিনি।

তবে নেস্তরের ভূমিকা নিয়ে নিজের অসন্তোষ গোপন করেননি নেইমার। তার দাবি, মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথার লড়াই হলেও তিনি নেস্তরকে আপত্তিকর কিছু বলেননি।

নেইমারের অভিযোগ, ফুটবলের নিয়মকে নিজের সুবিধায় ব্যবহার করেছেন নেস্তর। বিশেষ করে বর্ণবাদবিরোধী নিয়মের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, এমন একটি গুরুত্বপূর্ণ নিয়মকে প্রতিপক্ষের বিরুদ্ধে সুবিধা আদায়ের জন্য ব্যবহার করা কতটা গ্রহণযোগ্য।

পুরো ঘটনায় নিজেকে মর্মাহত দাবি করে নেইমার বলেন, সাধারণত মাঠের বিতর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেন না তিনি। কিন্তু এবারের ঘটনা তার কাছে সাধারণ বাগ্‌বিতণ্ডার সীমা ছাড়িয়ে গেছে।

বিজ্ঞাপন