• শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ | ৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় আকভান আজ ওড়িশা উপকূলে, বাংলাদেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

ঘূর্ণিঝড় আকভান আজ ওড়িশা উপকূলে, বাংলাদেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:২৬ ২০ নভেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ শুক্রবার (২০ নভেম্বর) ভারতের ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশার গোপালপুরের কাছ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

স্থলভাগে আঘাতের সময় ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

বাংলাদেশের ১০ জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা

বাংলাদেশের ১০ জেলায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জেলাগুলো হলো—ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার।

এসব অঞ্চলে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া সংশ্লিষ্ট পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন