• শনিবার , ০৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী

দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৯ ৫ সেপ্টেম্বর ২০২৬

বরেণ্য অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখল হয়ে গেছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি দাবি ছড়িয়ে পড়ায় তাঁর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে বিষয়টি নিয়ে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, সম্প্রতি তাঁর বাড়ি দখলের কোনো ঘটনা ঘটেনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি বহু বছরের পুরোনো একটি ঘটনার সঙ্গে বর্তমান সময়কে মিলিয়ে তৈরি করা হয়েছে।

সম্প্রতি দিলারা জামানের নামে একটি ফটোকাড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, বাবার কাছ থেকে পাওয়া জমিতে ধারদেনা করে বাড়ি নির্মাণ করেছিলেন তিনি। পরে দেনা পরিশোধের জন্য বাড়িটি ভাড়া দিলেও ভাড়ার টাকা না পাওয়ায় একপর্যায়ে ভাড়াটে বাড়ি দখল করে নেয়।

তবে এই বক্তব্যের বর্তমান সময়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দিলারা জামান।

‘মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে!’

বিষয়টি জানতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য নিয়ে বিস্ময় প্রকাশ করেন।

দিলারা জামান বলেন, ‘মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে! একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়। ভালো কাজে যদি মস্তিষ্ক কাজে না লাগে, তাহলে কেমন লাগে! কী আর বলব।’

অর্থাৎ, বর্তমানে তাঁর বাড়ি দখল হওয়ার যে দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, সেটিকে সম্পূর্ণ ভুল তথ্য হিসেবে উল্লেখ করেছেন এই অভিনেত্রী।

বাড়ি দখলের ঘটনা ঘটেছিল, তবে ২২–২৩ বছর আগে

দিলারা জামান জানান, তাঁর বাড়ি দখলের ঘটনা একেবারে বানানো নয়। তবে সেটি ঘটেছিল প্রায় ২২ থেকে ২৩ বছর আগে।

২০০৩–২০০৪ সালের দিকে রাজধানীর শ্যামলী এলাকায় পৈতৃক বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। বাবার কাছ থেকে পাওয়া ওই বাড়ি নিয়েই তখন দখলের পরিস্থিতি তৈরি হয়েছিল।

সেই সময় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্টদের মধ্যে নড়াচড়া শুরু হয়। ফলে দখলের পরিস্থিতি আর চূড়ান্ত পর্যায়ে যায়নি বলে জানান অভিনেত্রী।

তবে বর্তমানে শ্যামলীর সেই বাড়িটি আর তাঁর মালিকানায় নেই।

শ্যামলীর বাড়ি বিক্রি করে দেন

পুরোনো ঘটনা প্রসঙ্গে দিলারা জামান জানান, পরবর্তী সময়ে তিনি শ্যামলীর বাড়িটি বিক্রি করে দেন।

তিনি বলেন, ‘ঢাকার শ্যামলীর সেই ঘটনা তো ২২–২৩ বছর আগের। সেই বাড়ি পরে বিক্রি করে দিই। ২০০৮ সালে আমি পরিবার নিয়ে উত্তরায় চলে আসি। এখানে ১৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনি। তার পর থেকে এখানেই থাকছি।’

অর্থাৎ, বর্তমানে অভিনেত্রী উত্তরায় নিজের ফ্ল্যাটেই বসবাস করছেন।

অভিনয় নিয়েই ব্যস্ত দিলারা জামান

দেশের বাইরে থাকা দুই মেয়ের কাছে মাঝেমধ্যে গেলেও এখন আগের তুলনায় বিদেশে যাতায়াত কমেছে বলে জানান দিলারা জামান।

তিনি বলেন, বর্তমানে তাঁর ব্যস্ততা মূলত অভিনয়কে ঘিরেই। উত্তরায় নিজের ফ্ল্যাটেই বসবাস করছেন তিনি।

পুরোনো ঘটনা নতুন করে ছড়ানোয় বিস্মিত অভিনেত্রী

প্রায় দুই দশকের বেশি সময় আগের একটি ঘটনাকে বর্তমান সময়ের ঘটনা হিসেবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন দিলারা জামান।

তিনি বলেন, ‘হঠাৎ করে এই ধরনের আজগুবি তথ্য সামনে কীভাবে এল, নিজেই তো অবাক হয়ে গেলাম!’

ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ‘দিলারা জামানের বাড়ি দখল’ সংক্রান্ত সাম্প্রতিক দাবির সঙ্গে বাস্তবতার মিল নেই। অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, ঘটনাটি পুরোনো এবং বর্তমানে তিনি উত্তরার নিজের ফ্ল্যাটেই বসবাস করছেন।

বিজ্ঞাপন