• বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস

উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৯ ১০ সেপ্টেম্বর ২০২৬

রেকর্ড গড়ে উত্তর আমেরিকা সফর শেষ করেছে জনপ্রিয় কে-পপ গ্রুপ বিটিএস। বহুল আলোচিত ‘আরিরাং’ ট্যুরের উত্তর আমেরিকা পর্বে ১২টি শহরে মোট ৩১টি কনসার্ট করেছে দলটি। প্রতিটি কনসার্টের টিকিট আগেই শেষ হয়ে যায়।

পুরো সফরজুড়ে প্রায় ১৯ লাখ ২০ হাজার দর্শক বিটিএসের কনসার্টে অংশ নেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা থেকে শুরু হওয়া এই সফরের শেষ পর্ব অনুষ্ঠিত হয় লস অ্যাঞ্জেলেসে।

লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে ১, ২, ৫ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত চারটি কনসার্টে প্রায় ২ লাখ ৮২ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

সোফাই স্টেডিয়ামেও বিটিএসের রেকর্ড

উত্তর আমেরিকা সফরের পাশাপাশি লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামেও নতুন রেকর্ড গড়েছে বিটিএস।

২০২১ সালের ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ সফরের চারটি কনসার্টসহ স্টেডিয়ামটিতে এখন পর্যন্ত মোট আটটি কনসার্ট করেছে দলটি। কোনো সংগীত দলের জন্য সোফাই স্টেডিয়ামে এটিই সর্বোচ্চসংখ্যক কনসার্ট।

আটটি কনসার্টে বিটিএসের মোট দর্শকসংখ্যা প্রায় ৪ লাখ ৯৬ হাজার, যা স্টেডিয়ামটির ইতিহাসে কোনো দলের সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড।

একাধিক শহরে ‘বিটিএস দিবস’

উত্তর আমেরিকা সফরে স্থানীয় প্রশাসনের কাছ থেকেও বিশেষ স্বীকৃতি পেয়েছে বিটিএস।

লস অ্যাঞ্জেলেসে ১ থেকে ৮ সেপ্টেম্বর ঘোষণা করা হয় ‘বিটিএস সপ্তাহ’। টরন্টোতে ২২ ও ২৩ আগস্ট পালিত হয় ‘বিটিএস উইকেন্ড’। এ সময় ইয়ং স্ট্রিটের একটি অংশের নাম সাময়িকভাবে রাখা হয় ‘বিটিএস বুলেভার্ড’।

শিকাগোতে কনসার্ট উপলক্ষে ২৭ ও ২৮ আগস্টকে ‘বিটিএস ডে ইন ইলিনয়’ ঘোষণা করে ইলিনয় অঙ্গরাজ্য।

টেক্সাসের এল পাসোতেও ২ ও ৩ মে পালিত হয় ‘এল পাসো বিটিএস উইকেন্ড’। শহরটির পর্যটন ও আন্তর্জাতিক পরিচিতিতে অবদানের স্বীকৃতি হিসেবে বিটিএসকে দেওয়া হয় ‘এস্তিমাদো আমিগো’ বা ‘প্রিয় বন্ধু’ সম্মাননা।

এ ছাড়া মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর ভিডিও বার্তার মাধ্যমে বিটিএসকে স্বাগত জানান। তিনি বলেন, সাত সদস্যের এই দল সংস্কৃতি, ভৌগোলিক দূরত্ব ও ভাষার সীমা পেরিয়ে মানুষকে একত্র করছে।

মেক্সিকোতে ৫০ হাজার ভক্তের সমাগম

মেক্সিকো সিটিতে কনসার্ট চলাকালে বিটিএসকে দেশটির জাতীয় প্রাসাদে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম।

দলটিকে স্বাগত জানাতে জাতীয় প্রাসাদের বাইরে প্রায় ৫০ হাজার ভক্ত জড়ো হন।

কনসার্টে জাংকুক ও আরএমের জন্মদিন উদ্‌যাপন

লস অ্যাঞ্জেলেসের কনসার্টে জাংকুক ও আরএমের জন্মদিনও উদ্‌যাপন করেন ভক্তরা। জাংকুকের জন্মদিন ১ সেপ্টেম্বর এবং আরএমের ১২ সেপ্টেম্বর।

হাজারো ভক্ত জন্মদিনের গান গেয়ে তাদের শুভেচ্ছা জানান। এ সময় স্টেডিয়ামজুড়ে সোনালি ও নীল আলো জ্বলে ওঠে। জাংকুকের একক অ্যালবাম ‘গোল্ডেন’ এবং আরএমের ‘ইন্ডিগো’র সঙ্গে মিল রেখে এই দুই রং বেছে নেওয়া হয়।

শেষ কনসার্টে জে-হোপ জানান, টাম্পায় সফর শুরুর দিনটি যেন এই সেদিনের ঘটনা। দীর্ঘদিন ধরে তারা উত্তর আমেরিকা সফরের অপেক্ষায় ছিলেন। আনন্দের কারণে সময় খুব দ্রুত কেটে গেছে বলেও জানান তিনি।

এবার দক্ষিণ আমেরিকায় বিটিএস

উত্তর আমেরিকার পর এবার দক্ষিণ আমেরিকা সফরে যাবে বিটিএস। আগামী ২ ও ৩ অক্টোবর কলম্বিয়ার বোগোতায় কনসার্টের মধ্য দিয়ে এই পর্ব শুরু হবে।

এরপর লিমা, সান্তিয়াগো, বুয়েনস এইরেস ও সাও পাওলোতে পারফর্ম করবে দলটি। কলম্বিয়া, পেরু ও আর্জেন্টিনায় এই প্রথম পূর্ণাঙ্গ দল হিসেবে কনসার্ট করবে বিটিএস।

সূত্র: দ্য কোরিয়া হেরাল্ড।

বিজ্ঞাপন