• বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হারিকেন মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে নিহত ৪৯,ক্ষতি বিলিয়ন ডলার

হারিকেন মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে নিহত ৪৯,ক্ষতি বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:২২ ৩১ অক্টোবর ২০২৫

ক্যারিবীয় অঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালিয়ে হারিকেন মেলিসা অন্তত ৪৯ জনের প্রাণ কেড়েছে। হারিকেনটি উত্তর আটলান্টিক পাড় হয়ে বারমুডার কাছাকাছি অতিক্রম করার সময় আরও শক্তিশালী হয়ে ওঠে।

হাইতিতে সরাসরি আঘাত না হানলেও টানা বৃষ্টির ফলে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, হাইতির দক্ষিণাঞ্চলীয় পেতি-গোভ শহরে নদীর পানি প্লাবন সৃষ্টি করে, যেখানে ১০ শিশুসহ ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে অন্তত ৩০ জন নিহত ও ২০ জন নিখোঁজ রয়েছেন। প্রচণ্ড বৃষ্টির কারণে বহু রাস্তা, ঘরবাড়ি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জ্যামাইকাতেও ব্যাপক প্রাণহানি ঘটেছে। দেশটির তথ্যমন্ত্রী জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ১৯ জন মারা গেছেন। উদ্ধার অভিযান এখনও চলছে। প্রবল ঝড়ের কারণে শত শত ভবনের ছাদ উড়ে গেছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং অনেক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জ্যামাইকার সেনাবাহিনী রিজার্ভ সদস্যদের উদ্ধারকাজে সহায়তার জন্য মাঠে নেমেছে।

পূর্বাভাস অনুযায়ী, হারিকেন মেলিসার কারণে পশ্চিম ক্যারিবীয় অঞ্চলে ৪৮ থেকে ৫২ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার দ্বীপটির দক্ষিণ-পশ্চিম উপকূলে ক্যাটাগরি-৫ হারিকেন হিসেবে মেলিসা আঘাত হানে, যা জ্যামাইকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হারিকেন হিসেবে ধরা হয়েছে।

মেলিসা পূর্ব কিউবাতেও আঘাত হানে। সেখানে প্রায় ৭ লাখ ৩৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে প্রাণহানির খবর পাওয়া যায়নি। ফসল এবং বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১১টায় হারিকেনটি বারমুডার পশ্চিমে প্রায় ২৬৪ কিলোমিটার দূরে অবস্থান করছিল। তখনও এটি ক্যাটাগরি-২ হারিকেন ছিল, বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৬১ কিলোমিটার।

বারমুডায় সরাসরি আঘাত না হানলেও নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ গতকাল রাত থেকে সব সেতু বন্ধ করে দিয়েছে। আজ শুক্রবার স্কুল ও ফেরি চলাচলও স্থগিত রাখা হয়েছে।
 

বিজ্ঞাপন