• মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ | ৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কার ছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

সংস্কার ছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:১৮ ২০ জুলাই ২০২৬

রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক তেঁতুলতলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্রীয় কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনা না গেলে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা যাবে না। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর ভয়ভীতি, চাঁদাবাজি এবং দখলদারিত্বের মতো সমস্যাও দূর করা সম্ভব হবে না।

তিনি বলেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা না গেলে পাথরশ্রমিকসহ বিভিন্ন শ্রেণির শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন করা কঠিন হবে। পাশাপাশি টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের হয়রানির সংস্কৃতিও অব্যাহত থাকবে।

এনসিপির এই নেতা অভিযোগ করেন, যারা আগে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা এখন সেই অবস্থান থেকে সরে যাচ্ছেন। তাঁর দাবি, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দৃশ্যমান পরিবর্তন প্রয়োজন।

বিএনপির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত দুই বছরে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন খাতে ব্যর্থতার অভিযোগ তুলে তিনি সংশ্লিষ্টদের অবস্থান পরিবর্তনের আহ্বান জানান।

পরিবারকেন্দ্রিক রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, একই পরিবারের সদস্যদের বারবার জনপ্রতিনিধি হওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য ইতিবাচক নয়। জনগণের ভোটের মাধ্যমেই নেতৃত্ব নির্বাচন হওয়া উচিত।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, নির্বাচনে প্রশাসনিক প্রভাব বিস্তারের কোনো চেষ্টা জনগণ গ্রহণ করবে না।

বিজ্ঞাপন