• সোমবার , ০৬ জুলাই, ২০২৬ | ২১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেট ম্যাচে কনডমের বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ ভারতীয় এমপি

ক্রিকেট ম্যাচে কনডমের বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ ভারতীয় এমপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩:৪৪ ৫ জুলাই ২০২৬

ভারত-ইংল্যান্ড আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের সম্প্রচারে কনডমের বিজ্ঞাপন দেখানো নিয়ে আপত্তি জানিয়েছেন ভারতের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ। শিশু-কিশোরেরা পরিবারের সঙ্গে বসে খেলা দেখার সময় এমন বিজ্ঞাপন প্রচারকে অনুপযুক্ত উল্লেখ করে বিষয়টি তদন্তের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য কীর্তি আজাদ। তার অভিযোগ, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটি বিপুলসংখ্যক শিশু ও কিশোর পরিবারের সদস্যদের সঙ্গে উপভোগ করছিল। এমন সময় ম্যাচের বিরতিতে কনডম ব্র্যান্ডের বিজ্ঞাপন দেখানো হয়।

ওই বিজ্ঞাপনকে প্রাপ্তবয়স্কদের উপযোগী প্রচারণা হিসেবে উল্লেখ করে কীর্তি আজাদ বলেন, পারিবারিকভাবে দেখা একটি জনপ্রিয় ক্রীড়া অনুষ্ঠানে এ ধরনের বিজ্ঞাপন প্রচার করা গ্রহণযোগ্য নয়। বিষয়টি কীভাবে অনুমোদন পেল, তা খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া বক্তব্যে তিনি ভারতে তামাক ও মদের বিজ্ঞাপনের ওপর থাকা বিধিনিষেধের প্রসঙ্গও সামনে আনেন। তার মতে, ক্রিকেট ভারতে শুধু একটি খেলা নয়; এটি দেশের কোটি কোটি মানুষের আবেগের সঙ্গে যুক্ত। শিশু, কিশোর ও পরিবারের অন্য সদস্যরা একসঙ্গে বসে ম্যাচ উপভোগ করেন।

কীর্তি আজাদের দাবি, সংশ্লিষ্ট ম্যাচের সম্প্রচারের সঙ্গে প্রায় ৪৪ কোটি দর্শক যুক্ত ছিলেন। দুই ওভারের মধ্যবর্তী বিরতিতে একই ধরনের বিজ্ঞাপন একাধিকবার দেখানোয় অনেক পরিবার অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে পারে বলে মনে করেন তিনি।

তৃণমূল কংগ্রেসের এই সংসদ সদস্য বলেন, ১৬ বছরের কম বয়সী অনেক দর্শক বাবা-মায়ের সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখে। এ সময় এমন বিজ্ঞাপন তাদের মনে নানা প্রশ্ন তৈরি করতে পারে। তাই শিশু-কিশোরদের বড় অংশ যে অনুষ্ঠান দেখে, সেখানে বিজ্ঞাপন বাছাইয়ের ক্ষেত্রে আরও সতর্কতা প্রয়োজন বলে মত দেন তিনি।

এ ঘটনায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কীর্তি আজাদ। তার বক্তব্য, অ্যালকোহল ও সিগারেটের বিজ্ঞাপনের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ থাকলে ম্যাচের বিরতিতে কনডমের বিজ্ঞাপন কীভাবে প্রচারের অনুমতি পায়, সেটিও পরিষ্কার করা উচিত।

বিষয়টি নিয়ে দ্রুত ব্যাখ্যা বা কার্যকর পদক্ষেপ না এলে ভারতের সংসদে প্রশ্ন তোলার কথাও জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার। তবে এ নিয়ে এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিংবা সংশ্লিষ্ট টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচার প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ভারতের দেওয়া ১৯১ রানের লক্ষ্য ১৯ ওভারে পেরিয়ে যায় ইংলিশরা। জ্যাকব বেথেল ৪৬ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/