• রবিবার , ০৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর

তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:০৩ ৩ অক্টোবর ২০২৬

ইয়েমেনের তাইজ প্রদেশের বিভিন্ন এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে ৭১টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারপন্থী সশস্ত্র বাহিনী। বাহিনীটির ভাষ্য, হুথিদের সমাবেশ, অতিরিক্ত সেনা মোতায়েন ও সামরিক রসদ রাখার স্থানগুলোকে লক্ষ্য করে এসব অভিযান চালানো হয়েছে।

সামরিক বাহিনীর একজন মুখপাত্রের দাবি অনুযায়ী, তাইজের আল-আকরুদ, সামিয়া, আল-আহকুম, আল-আকবুশ, জাবাল রাসিন, জাবাল জারদাদ, বানি ওমর, বানি বাকারি, আল-কাওয়িশ ও আল-আথাওয়িরসহ বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়।

ইয়েমেনি বাহিনীর দাবি, এসব হামলায় হুথিদের কয়েকটি পরিবহন ও সহায়ক যানবাহন ধ্বংস হয়েছে। একই সঙ্গে গোষ্ঠীটির বেশ কয়েকজন যোদ্ধা হতাহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

তবে যুদ্ধক্ষেত্রে হতাহত ও ক্ষয়ক্ষতির এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর আগেও তাইজে হুথিদের বিভিন্ন অবস্থান, সামরিক যান ও অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে অভিযান চালানোর কথা জানিয়েছিল ইয়েমেনের সরকারপন্থী বাহিনী। আল জাজিরা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তাইজে দুই পক্ষের সংঘর্ষ ও সামরিক তৎপরতা বেড়েছে।

এদিকে রয়টার্সের ২ অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী একই প্রদেশে তিন ঘণ্টার মধ্যে ২০টি বিমান হামলা চালানোর কথা জানিয়েছে। লক্ষ্য ছিল হুথি সদস্য, যানবাহন ও সামরিক সরঞ্জাম।

ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, তাইজে হুথিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন