• বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ | ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি

ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪:৪২ ১৭ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান—এমন তথ্য পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে সম্ভাব্য এই হামলার পরিকল্পনায় নির্দিষ্ট স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ইরান বাস্তবে এমন হামলা চালানোর সক্ষমতা রাখে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যেই মতভেদ রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত সূত্রগুলো মনে করছে, ইরানের এই তৎপরতা তাৎক্ষণিক হামলার প্রস্তুতির চেয়ে সম্ভাব্য সংঘাতের জন্য বিকল্প পরিকল্পনা তৈরি রাখার অংশ হতে পারে। তবে পরিকল্পনায় নির্দিষ্ট স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ থাকায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সব ধরনের সম্ভাব্য হুমকির ওপর নজর রাখছে। তবে এই মুহূর্তে মার্কিন ভূখণ্ডের জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই বলে উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্রে হামলার প্রস্তুতি নিয়ে উদ্বেগ

মার্কিন কর্মকর্তারা মনে করছেন, চলমান সামরিক অভিযান ও অর্থনৈতিক অবরোধের চাপে ইরান সংঘাত আরও বিস্তৃত করার চেষ্টা করতে পারে। দেশটির ওপর মার্কিন অবরোধকে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ধ্বংসাত্মক হিসেবে বর্ণনা করেছেন।

গোয়েন্দা সূত্রগুলোর দাবি, ইরান এখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে কাজ করছে। তবে পরিকল্পনাটি বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

একটি সূত্রের ভাষ্য, এ ধরনের হামলা পরিচালনার জন্য ইরানের পর্যাপ্ত লোকবল ও সক্ষমতা রয়েছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে বিতর্ক চলছে।

হুমকি মোকাবিলায় গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা একাধিক বৈঠক করেছেন। এরই মধ্যে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির কারণে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে সামরিক আবাসনে সরিয়ে নিয়েছে সিক্রেট সার্ভিস।

যুক্তরাষ্ট্রে আগে থেকেই বিস্ফোরক তৈরির সরঞ্জাম মজুতের দাবি

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সম্ভাব্য হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য বড় উদ্বেগের বিষয় হলো ডার্টি বোমার ব্যবহার। প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে এ ধরনের বোমা তৈরি করা হয়। পারমাণবিক বোমার মতো এতে পারমাণবিক বিস্ফোরণ ঘটে না, তবে বিস্ফোরণের মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে।

মার্কিন গোয়েন্দারা ইরানের এমন কিছু কথোপকথন শনাক্ত করেছেন বলে দাবি করা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির সরঞ্জাম মজুত থাকার কথা বলা হয়েছে।

একটি সূত্রের দাবি, ইরান আগে থেকেই যুক্তরাষ্ট্রে পারমাণবিক উপাদান বা রাসায়নিক এজেন্ট মজুত করে রেখেছে বলে কর্মকর্তারা ধারণা করছেন। তবে এসব উপাদানের অস্তিত্ব বা হামলার পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য প্রতিবেদনে দেওয়া হয়নি।

আরেকটি গোয়েন্দা সূত্রের মতে, যুক্তরাষ্ট্রের ভেতরে সম্ভাব্য এসব উপাদান বহু বছর ধরে মজুত থাকতে পারে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের সক্ষমতার চেয়ে দেশটির উদ্দেশ্য ও মনোভাবের পরিবর্তনই এখন বেশি উদ্বেগের বিষয়।

বিশেষজ্ঞদের মতে, ডার্টি বোমা পারমাণবিক বোমার তুলনায় অনেক কম ধ্বংসাত্মক। তবে এর বিস্ফোরণে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে আতঙ্ক তৈরি হতে পারে এবং নির্দিষ্ট এলাকার মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। এ ধরনের হামলায় বিস্ফোরণের পাশাপাশি তেজস্ক্রিয় দূষণও বড় ঝুঁকি।

ট্রাম্পকে হত্যার পরিকল্পনার অভিযোগও রয়েছে ইরানের বিরুদ্ধে

ইরানের বিরুদ্ধে এর আগেও মার্কিন বর্তমান ও সাবেক কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্পকে ভাড়াটে খুনির মাধ্যমে হত্যার পরিকল্পনার অভিযোগও সামনে এসেছিল।

তবে অতীতে ইরানের কথিত ষড়যন্ত্রগুলোর বেশিরভাগই বিদেশ সফরের সময় মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত হওয়ার আশঙ্কাকে কেন্দ্র করে ছিল। এবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। বিদেশি যোগাযোগ পর্যবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি নজরদারি আইনের মেয়াদ গত জুনে শেষ হয়েছে। যদিও মেয়াদ শেষ হওয়ার আগে অনুমোদিত নজরদারি আদেশগুলো ২০২৭ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করেছেন, কংগ্রেস প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে সন্ত্রাসী ষড়যন্ত্র শনাক্ত করার গুরুত্বপূর্ণ একটি নজরদারি ব্যবস্থা হারাতে পারে যুক্তরাষ্ট্র।

গত সপ্তাহে অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ, জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ কংগ্রেসের উভয় দলের নেতাদের কাছে পাঠানো চিঠিতে আইনটি পুনরায় অনুমোদনের আহ্বান জানান। তাঁদের আশঙ্কা, নজরদারি ব্যবস্থা দুর্বল হলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বসবাসকারী নাগরিক এবং বিদেশে দায়িত্ব পালনরত মার্কিন সেনাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের বিরুদ্ধেও রাসায়নিক হামলার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানের সম্ভাব্য আরেকটি হামলার পরিকল্পনা নিয়েও উদ্বিগ্ন। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে এর আগে নিউইয়র্ক টাইমসেও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের হামলা মোকাবিলায় ওই অঞ্চলে দায়িত্ব পালনরত সেনাদের পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ও প্রশিক্ষণ নেই।

এ কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত কূটনৈতিক ও গোয়েন্দা কর্মীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম সরবরাহ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে জরুরি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সিএনএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র।

এদিকে, ইরানের জাতিসংঘ মিশনের এক মুখপাত্র মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাঁর দাবি, ইরান যেকোনো পরিস্থিতিতেই রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে সম্পূর্ণ অবৈধ মনে করে। দেশটির বিরুদ্ধে ছড়ানো অভিযোগগুলোকে তিনি মিথ্যা ও বানোয়াট বলে অভিহিত করেন। তবে ডার্টি বোমা হামলার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্যের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের মধ্যেই নতুন এই গোয়েন্দা তথ্য সামনে এসেছে। মার্কিন অবরোধ প্রত্যাহার এবং শত্রুতা বন্ধের বিষয়ে দুই পক্ষের আলোচনা এখনো কোনো সমাধানে পৌঁছায়নি।

আঞ্চলিক একটি সূত্রের মতে, আগামী কয়েক সপ্তাহ কূটনৈতিক সমঝোতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় ইরানের কট্টরপন্থি গোষ্ঠী বা শাসকগোষ্ঠীর ভেতরে থাকা বিরোধী অংশগুলো সংঘাত দীর্ঘায়িত করতে হামলা চালিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।

এক মার্কিন কর্মকর্তার মতে, যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্যে রাসায়নিক কিংবা তেজস্ক্রিয় অস্ত্র ব্যবহার করলে ইরানকে বড় ধরনের পাল্টা আঘাতের মুখে পড়তে হতে পারে। তবে ইরানি নেতৃত্ব যদি মনে করে তাদের শাসনব্যবস্থার অস্তিত্ব হুমকির মুখে, তাহলে তারা এমন ঝুঁকি নিতেও আগ্রহী হতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন কর্মকর্তারা।

বিজ্ঞাপন