• বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু

ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৪২ ২১ অক্টোবর ২০২৬

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের তাইজ শহরে নতুন করে সংঘাত বৃদ্ধি ও জ্বালানি ঘাটতির কারণে পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এতে বিশুদ্ধ পানির চরম সংকটে পড়ে অন্তত ১৬ লাখ শিশুসহ প্রায় ৩০ লাখ মানুষের জীবন বিপন্ন হতে চলেছে বলে জানিয়েছে ইউনিসেফ।

সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য তুলে ধরেন জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের ইয়েমেন প্রতিনিধি আখিল আইয়ার। তিনি জানান, চলমান সংঘাতের কারণে পণ্য সরবরাহের প্রধান পথগুলো বন্ধ হয়ে যাওয়ায় সেখানে ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে, যার প্রভাবে যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে ভূগর্ভস্থ পানির পাম্পগুলো।

পাম্প বন্ধের আশঙ্কার পাশাপাশি শহরটিতে বেসরকারিভাবে সরবরাহ করা ট্রাকের পানির দামও ইতিমধ্যে তিন গুণ বেড়ে গেছে বলে জানান এই কর্মকর্তা। ফলে জরুরি সুপেয় পানি সংগ্রহ করা সাধারণ পরিবারগুলোর নাগালের বাইরে চলে যাচ্ছে।

গত সেপ্টেম্বর থেকে নতুন করে সংঘাত তীব্র হওয়ার পর অন্তত ১ লাখ ২০ হাজার মানুষ বাসস্থান হারিয়ে তাইজে এসে আশ্রয় নিয়েছেন। চলতি বছর ইয়েমেনজুড়ে নতুন করে বাস্তুচ্যুত মানুষের অর্ধেকেরও বেশি এই একটি গভর্নরেটেই জড়ো হয়েছেন বলে উল্লেখ করেছে সংস্থাটি।

পানির সংকটের সঙ্গে যোগ হয়েছে মারাত্মক অপুষ্টি। ইউনিসেফের হিসাব অনুযায়ী, চলতি বছর তাইজে ১ লাখ ৬৮ হাজারের বেশি শিশুর পুষ্টি পরিস্থিতি পরীক্ষা করা হয়, যার মধ্যে ৫২ হাজারেরও বেশি শিশুর শরীরে তীব্র অপুষ্টি শনাক্ত হয়েছে। এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এই অঞ্চলে মজুত থাকা গমের আটাও প্রায় ফুরিয়ে এসেছে।

বিজ্ঞাপন