• বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ | ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের সভা ২৩ নভেম্বর

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের সভা ২৩ নভেম্বর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২:৩৫ ১৭ নভেম্বর ২০২৬

তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে আগামী ২৩ নভেম্বর। স্থগিত হওয়া মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের নতুন বেতন কাঠামোর প্রস্তাব উপস্থাপন করবে। এর আগে শ্রমিকপক্ষ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানিয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর শ্রম অধিদপ্তরে মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করা হয়। পরে নতুন তারিখ হিসেবে ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। তবে ওই সভায় মালিকপক্ষ নিজেদের প্রস্তাব উপস্থাপন করতে পারেনি। এজন্য তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল।

নির্ধারিত সময় অনুযায়ী ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও সভা পিছিয়ে যাওয়ায় তা এখন ২৩ নভেম্বর উপস্থাপনের কথা রয়েছে। সভা স্থগিতের পর মালিক ও শ্রমিক—উভয় পক্ষই দ্রুত নতুন তারিখ নির্ধারণের দাবি জানিয়েছিল।

চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করে। এরপর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার পর শ্রমিকদের মধ্যে কাজে ফেরার প্রবণতা দেখা যায়।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন এই মজুরি কাঠামো ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়।

বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বর মাসে শেষ হচ্ছে। ফলে নতুন বেতন কাঠামো নির্ধারণে ২৩ নভেম্বরের সভাটি পোশাকশিল্পের শ্রমিক ও মালিক—উভয় পক্ষের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিজ্ঞাপন