• বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩:২৬ ১৮ নভেম্বর ২০২৬

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়ার উদ্যোগ চেয়ে সরকারের ছয় গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। নোটিশে কূটনৈতিক আলোচনার পাশাপাশি দেশে ফেরানোর প্রক্রিয়া, নিরাপত্তা এবং পরবর্তী বিচারিক কার্যক্রম নিয়ে বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়েছে।

নোটিশের প্রাপক হিসেবে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে তাদের কাছে নোটিশটি পাঠানো হয়েছে।

আইনজীবী মাহমুদুল হাসান মামুন জানিয়েছেন, তার এই উদ্যোগের সঙ্গে কোনো রাজনৈতিক দল বা সরকারের পক্ষ নেওয়ার বিষয় নেই। সংবিধানের ২১ অনুচ্ছেদের ১ উপধারায় রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার স্বার্থে তিনি নোটিশ পাঠিয়েছেন।

জাতীয় নিরাপত্তা নিয়ে নোটিশে যে আশঙ্কা

নোটিশে শেখ হাসিনার ভারতে দীর্ঘদিন অবস্থানকে কেন্দ্র করে জাতীয় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এতে বলা হয়েছে, দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকার কারণে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল এবং রাষ্ট্রীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য তার জানা থাকতে পারে।

নোটিশদাতার আশঙ্কা, এসব তথ্য অন্য কোনো রাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে প্রকাশিত হওয়ার সম্ভাবনা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এর ফলে প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি কিংবা আরও গুরুতর পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কাও উল্লেখ করা হয়েছে।

এ প্রসঙ্গে নোটিশে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের উদাহরণ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, ২০১৫ সালে ইয়েমেন ছেড়ে সৌদি আরবে আশ্রয় নেওয়ার পর মানসুর হাদির অবস্থান ও রাজনৈতিক কর্মকাণ্ড দেশটির সংঘাত এবং সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

অন্যদিকে, ২০১৪ সালে ইয়ানুকোভিচ রাশিয়ায় আশ্রয় নেওয়ার পর ইউক্রেনকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনা, ক্রিমিয়া দখল এবং পরবর্তী রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যেন এ ধরনের কোনো বৈরিতা বা সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা জানিয়েছেন নোটিশদাতা।

যেভাবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রস্তাব

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

নোটিশে সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত আইনের আশ্রয়লাভের অধিকার উল্লেখ করে শেখ হাসিনাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সহযোগিতা চাওয়ার কথা বলা হয়েছে।

এরপর নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তার প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। নোটিশে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের আওতায় কূটনৈতিক মিশনের অলঙ্ঘনীয়তার প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়েছে, হাইকমিশন প্রাঙ্গণে প্রবেশের পর তিনি বাংলাদেশের আইনানুগ কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে পারবেন।

সেখানে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ প্রশিক্ষিত দল তাকে গ্রেপ্তার করে আইনি হেফাজতে নেবে বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

দেশে ফেরানোর জন্য বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট ইস্যুর কথাও বলা হয়েছে। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও হাইকমিশনের সমন্বয়ে বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ চার্টার্ড বিমানে তাকে দেশে আনার প্রস্তাব রয়েছে। যাত্রাপথে বাংলাদেশ পুলিশের সার্বক্ষণিক নিরাপত্তা ও পাহারা নিশ্চিত করার কথাও নোটিশে বলা হয়েছে।

টুঙ্গিপাড়ায় সাব-জেল করার প্রস্তাব

দেশে ফেরার পর শেখ হাসিনার অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িকে বিশেষ সাব-জেল বা উপকারাগার হিসেবে ঘোষণার প্রস্তাব দিয়েছেন আইনজীবী।

নোটিশ অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা আইন ও জেল কোড অনুসরণ করে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ব্যবস্থা নিতে পারে।

এ ছাড়া ঢাকায় বিমান অবতরণের পর বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে সরাসরি টুঙ্গিপাড়ার প্রস্তাবিত সাব-জেলে নেওয়ার কথা বলা হয়েছে। নোটিশদাতার মতে, এতে জনশৃঙ্খলা বজায় রাখা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং তার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

আপিল ও অন্যান্য মামলার বিচার নিয়ে প্রস্তাব

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নিয়েও নোটিশে আলোচনা করা হয়েছে।

এতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারার কথা উল্লেখ করা হয়েছে। ওই ধারার ৩ উপধারা অনুযায়ী, দণ্ডাদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করার সময়সীমা রয়েছে। তবে উপযুক্ত কারণ দেখিয়ে বিলম্ব মার্জনার আবেদন করা হলে আপিল বিভাগ তা বিবেচনা করে শুনানির জন্য গ্রহণ করতে পারেন বলে নোটিশে দাবি করা হয়েছে।

এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে চলমান অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচারকাজ অব্যাহত রাখার জন্য ভার্চুয়াল আদালত ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণ করে অডিও-ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা ও সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করার কথা বলা হয়েছে। নোটিশদাতার মতে, এতে নিরাপত্তাজনিত ঝুঁকি কমিয়ে বিচারিক কার্যক্রম চালু রাখা সম্ভব হবে।

সব আপিল ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর সংশ্লিষ্ট আদালতের দেওয়া রায় ও আদেশ নিরপেক্ষভাবে কার্যকর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে নোটিশে।

১৫ দিনের সময়সীমা, না হলে হাইকোর্টে রিট

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে তাকে জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।

নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করার কথা জানিয়েছেন তিনি।

নোটিশে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত আইনি অধিকার রক্ষার বিষয়টি সামনে রেখে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন