• শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ | ১৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় মানছে না সরকার, স্বৈরশাসন চাপানোর অভিযোগ জামায়াত আমিরের

গণভোটের রায় মানছে না সরকার, স্বৈরশাসন চাপানোর অভিযোগ জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫:৪৭ ৩১ অক্টোবর ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের ওপর স্বৈরশাসন চাপিয়ে দিতে চাইছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (৩১ অক্টোবর) শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চের অংশ হিসেবে আয়োজিত এ পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, জনগণ ভোট দিলেও সরকার সেই রায়কে সম্মান করছে না। বরং জনগণকে অপমান ও প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি তুলে ধরে জামায়াত আমির বলেন, এর মধ্যে গণভোটের গণরায় বাস্তবায়নই প্রধান দাবি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে এসব দাবি আদায় সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যে জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই জাতি খালি হাতে বুকে গুলি নিয়েছে। সেই জাতি কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না।’ এ সময় তিনি দাবি আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পথসভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

জোটের সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের অবসান। এসব দাবি আদায়ের লক্ষ্যে লংমার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্য।

বিজ্ঞাপন