• শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান

মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩৩ ৩০ অক্টোবর ২০২৬

বলিউড অভিনেত্রী সারা আলি খানের কেদারনাথ মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে ভারতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তাঁর এই কর্মকাণ্ডকে ইসলামি শরিয়তবিরোধী দাবি করে ফতোয়া দিয়েছেন ধর্মীয় নেতা মৌলানা মুফতি শেহাবুদ্দিন রজভি বেরেলভি। একই সঙ্গে অভিনেত্রীকে তওবা করে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

গত ২৫ অক্টোবর ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে যান সারা আলি খান। সেখানে সাধারণ ভক্তদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে পূজা দেওয়ার অপেক্ষায় থাকা অভিনেত্রীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় ভিডিওবার্তা প্রকাশ করেন মৌলানা মুফতি শেহাবুদ্দিন রজভি বেরেলভি। তাঁর দাবি, ইসলামি শরিয়ত অনুযায়ী মুসলিমদের অন্য ধর্মের উপাসনালয়ে গিয়ে পূজা বা ধর্মীয় আচার পালন করা অনুমোদিত নয়।

মৌলানার ভাষ্য অনুযায়ী, কয়েকজন মুসলিম যুবক বিষয়টি নিয়ে তাঁর কাছে জানতে চেয়েছিলেন। তাঁদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি সারার মন্দিরে পূজা দেওয়ার বিরোধিতা করেন এবং অভিনেত্রীকে তওবা করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

তবে কেদারনাথের সঙ্গে সারা আলি খানের সম্পর্ক বেশ পুরোনো। ২০১৭ সালে ‘কেদারনাথ’ সিনেমার শুটিংয়ের সময় সেখানে বেশ কিছুদিন কাটিয়েছিলেন তিনি। এরপরও একাধিকবার মন্দিরটি পরিদর্শন করেছেন অভিনেত্রী।

২০১৮ সালে মুক্তি পাওয়া অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমায় সারা আলি খানের বিপরীতে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের ভালো লাগার কথা জানিয়েছিলেন সারা।

বিজ্ঞাপন