• সোমবার , ০২ নভেম্বর, ২০২৬ | ১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে মান্নাতের সামনে হাজারো ভক্ত, ভালোবাসায় সাড়া দিলেন শাহরুখ খান

জন্মদিনে মান্নাতের সামনে হাজারো ভক্ত, ভালোবাসায় সাড়া দিলেন শাহরুখ খান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৪:০৪ ২ নভেম্বর ২০২৬

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের কাছে বিশেষ এক উৎসব। এবারও তার ব্যতিক্রম হয়নি। ৬১তম জন্মদিনে মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতার বাসভবন ‘মান্নাত’-এর সামনে জড়ো হন হাজারো অনুরাগী। মধ্যরাত থেকেই প্রিয় তারকাকে একনজর দেখার অপেক্ষায় ছিলেন তাঁরা।

সোমবার (২ নভেম্বর) জন্মদিন উপলক্ষে মান্নাতের সামনে ভক্তদের হাতে দেখা যায় নানা ধরনের ব্যানার, পোস্টার ও শুভেচ্ছাবার্তা। ভক্তদের এমন ভালোবাসার জবাবে বিশেষ বার্তা দিয়েছেন শাহরুখ খান।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ভক্তদের উদ্দেশে শাহরুখ জানান, তাঁদের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে অনুরাগীদের প্রতি ভালোবাসা ও আলিঙ্গনের বার্তাও পাঠান এই বলিউড তারকা।

শাহরুখের জন্মদিন উদযাপনের আমেজ ছড়িয়ে পড়ে মুম্বাইজুড়ে। বিশেষ আলোকসজ্জায় সাজানো হয় শহরের সি লিংক। ভারতের বিভিন্ন জায়গায় ভক্তরা কেক কেটে ও নানা অনুষ্ঠানের মাধ্যমে অভিনেতার জন্মদিন পালন করেন। মান্নাতের সামনে বিপুল জনসমাগমের কারণে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়।

এবারের জন্মদিনে শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’ নিয়েও ভক্তদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম গান ‘তু মিল জায়ে’। এতে শাহরুখের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে।

মান্নাতের সামনে ভক্তদের হাতে থাকা পোস্টারেও উঠে আসে নতুন সিনেমার প্রসঙ্গ। ‘হ্যাপি বার্থডে কিং’ থেকে শুরু করে শাহরুখকে ঘিরে নানা ভালোবাসার বার্তা লেখা ছিল সেগুলোতে।

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দেওয়া শাহরুখ খান ৬১ বছর বয়সেও দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয়। জন্মদিনে তাঁর বাড়ির সামনে ভক্তদের বিপুল উপস্থিতি আবারও সেই ভালোবাসার চিত্র তুলে ধরেছে।

বিজ্ঞাপন