• মঙ্গলবার , ০৩ নভেম্বর, ২০২৬ | ১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে থাইল্যান্ডে বিক্ষোভ, ভিসার মেয়াদ কমানোর দাবি

ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে থাইল্যান্ডে বিক্ষোভ, ভিসার মেয়াদ কমানোর দাবি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩:৩২ ৩ নভেম্বর ২০২৬

থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফুকেটে ইসরায়েলি পর্যটকদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। স্থানীয় ব্যবসা ও পর্যটন খাতে অনিয়মের অভিযোগ তুলে ইসরায়েলি নাগরিকদের ভিসার মেয়াদ কমানোসহ একাধিক দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

সোমবার (২ নভেম্বর) সংবাদমাধ্যম দ্য নিউ আরবের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ফুকেটে সপ্তাহান্তে আয়োজিত এক সমাবেশে ইসরায়েলি পর্যটকদের জন্য ভিসার মেয়াদ ৩০ দিন থেকে কমিয়ে ১৪ দিন করার দাবি জানান থাই গণমাধ্যম ব্যক্তিত্ব ও ‘ইয়েলো শার্ট’ আন্দোলনের নেতা সোধি লিমথংকুল।

‘নো ইসরায়েল—সেভ ফুকেট’ লেখা ব্যানার নিয়ে আয়োজিত ওই বিক্ষোভে তিনি অভিযোগ করেন, কিছু ইসরায়েলি নাগরিক স্থানীয় ব্যবসার ক্ষতি করছেন। পাশাপাশি তাঁরা এমন ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন, যেখানে মূলত নিজ দেশের পর্যটকদেরই সেবা দেওয়া হচ্ছে।

একই দিনে ফুকেটে আরেকটি বিক্ষোভের নেতৃত্ব দেন সাইচোল নুচোট। তিনি থাই নাগরিকত্ব পাওয়া ইসরায়েলিদের নাগরিকত্ব বাতিল এবং দেশটিতে পরিচালিত সব চাবাদ প্রতিষ্ঠান বন্ধের দাবি জানান।

স্থানীয় বিক্ষোভকারী সংগঠনগুলোর অভিযোগ, কিছু ইসরায়েলি নাগরিক প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছেন। তাঁদের বিরুদ্ধে স্থানীয় সংস্কৃতিকে অসম্মান এবং বিদেশি মালিকানাসংক্রান্ত বিধিনিষেধ এড়াতে থাই নাগরিকদের নাম ব্যবহারের অভিযোগও তোলা হয়েছে।

এদিকে থাইল্যান্ডে পরিচালিত ‘চাবাদ হাউস’ নামের কেন্দ্রগুলোর কার্যক্রম নিয়েও তদন্ত চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত জুলাইয়ে একটি তদন্ত চলাকালে এক ইসরায়েলি পর্যটক থাই কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়িয়ে জায়গাটিকে ‘ইসরায়েলি ভূখণ্ড’ বলে দাবি করেছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়। ওই ঘটনার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্তের পরিধি বাড়ায়।

পরবর্তী সময়ে সেপ্টেম্বরে থাইল্যান্ডজুড়ে অন্তত নয়টি চাবাদ হাউসের লাইসেন্স ও সম্পত্তির মালিকানা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল দেশটির চাবাদ প্রধান রাব্বি ইউসেফ চাইম কান্টোরের থাই নাগরিকত্ব বাতিল করেন। তদন্তে তাঁর দ্বৈত নাগরিকত্ব ব্যবহারের বিষয়টি উঠে এসেছে বলে জানানো হয়। ২০১৩ সালে থাই নাগরিকত্ব পাওয়ার পরও তিনি মার্কিন নাগরিকত্ব ব্যবহার করে ১৬ বার অস্ট্রেলিয়া সফর করেছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

থাইল্যান্ড দীর্ঘদিন ধরেই ইসরায়েলি পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য। বিশেষ করে সামরিক সেবা শেষ করার পর অনেক ইসরায়েলি নাগরিক দেশটিতে ভ্রমণ করেন।

২০২৩ সাল থেকে গাজা যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলবিরোধী বিক্ষোভ হলেও থাইল্যান্ডের সাম্প্রতিক প্রতিবাদে স্থানীয় ব্যবসা, পর্যটন খাতের নিয়ন্ত্রণ এবং বিদেশি নাগরিকদের কার্যক্রমসংক্রান্ত অভিযোগ বেশি গুরুত্ব পাচ্ছে।

সূত্র: দ্য নিউ আরব

বিজ্ঞাপন