• মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ | ২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:১৭ ১০ নভেম্বর ২০২৬

শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পোশাক কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকায় বিশেষ টহল ও নজরদারি চালাচ্ছে বাহিনীটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির জনসংযোগ শাখার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, শিল্পাঞ্চলের গুরুত্ব বিবেচনায় বিভিন্ন এলাকায় সদস্যদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে সবচেয়ে বেশি ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

এ ছাড়া রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৯ প্লাটুন এবং গাজীপুরের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ১০ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে এসব এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

নারায়ণগঞ্জ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা আরও জোরদার করতে দুটি বিশেষ টহল দলও কাজ করছে।

শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তির ব্যবহারও বাড়িয়েছে বিজিবি। সদর দপ্তরের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় ও সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ কাজে ড্রোন, সদস্যদের শরীরে সংযুক্ত বডি-ওর্ন ক্যামেরা এবং বিভিন্ন ডিভাইসের লাইভ ফুটেজ ব্যবহার করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সদস্যরা দায়িত্ব পালন করছেন। শিল্পপ্রতিষ্ঠানের সম্পদ রক্ষা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে এই বিশেষ টহল ও নজরদারি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন