• শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ | ৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্‌র কটাক্ষ

'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্‌র কটাক্ষ

প্রকাশিত: ০১:৩৩ ২৪ জুলাই ২০২৬

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি এবার বলিউডের প্রভাবশালী তারকাদের নীরবতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। অন্যায়ের বিরুদ্ধে মুখ না খোলায় সহশিল্পীদের কড়া ভাষায় কটাক্ষ করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ বলেন, বলিউডের বড় বড় তারকারা চলমান এই গুরুত্বপূর্ণ ইস্যুতে নীরব ভূমিকা পালন করছেন। এ প্রসঙ্গে একটি প্রবাদ উল্লেখ করে তিনি বলেন, "মুখে হাড় গোঁজা থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না। যখনই মুখ থেকে হাড়টি খসে পড়বে কিংবা দাঁত ভেঙে যাবে, কেবল তখনই তারা ডাকতে শুরু করবে।"

তারকারা নিজেদের নীরবতার বিনিময়ে বিশেষ সুবিধা নিচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নিশ্চিতভাবেই সুবিধা নেওয়া হচ্ছে, তবে তারা আর কতদিন এভাবে নিজেদের গুটিয়ে রাখবেন তা সময় বলে দেবে। এর আগে এক ভিডিও বার্তায় দেশের নেতৃত্ব ও শিক্ষার্থীদের ওপর আক্রমণকারী মুখোশধারী পুলিশদের ভূমিকারও কড়া সমালোচনা করেন তিনি।

উল্লেখ্য, এনইইটি (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) ও সমাজকর্মী সোনাম ওয়াংচুকের আহ্বানে এই আন্দোলন দেশজুড়ে আলোড়ন তৈরি করেছে। প্রবীণ এই অভিনেতার পাশাপাশি আলিয়া ভাট, সালমান খান, রিতেশ দেশমুখ ও শাবানা আজমির মতো তারকারাও পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন