• সোমবার , ০৩ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে জমকালো দুই মেগা কনসার্ট

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে জমকালো দুই মেগা কনসার্ট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৭ ৩ আগস্ট ২০২৬

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি বিশালাকার উন্মুক্ত মেগা কনসার্ট। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) এবং মুনসুন কালচারাল অ্যালায়েন্সের যৌথ ও পৃথক উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত হবে এই সংগীত আসর দুটি।

সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বামবার সহায়তায় এই কনসার্টটি আয়োজিত হচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত এ কনসার্টে প্রবেশদ্বার খুলে দেওয়া হবে বেলা ১টায়। যেখানে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড—মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং রে রে। পাশাপাশি সেখানে বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানও রাখা হয়েছে।

সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাকে স্মরণ করার কথা জানিয়ে বামবা সভাপতি হামিন আহমেদ এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন জানান, জুলাইয়ের গণ-আন্দোলনে গান ও সংস্কৃতি বড় শক্তি ছিল। সেই স্মৃতিকে জাগ্রত রাখতে ও নতুন করে উদ্‌যাপন করতেই এই কনসার্টের আয়োজন এবং দর্শকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।

অন্যদিকে, মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টা থেকে শুরু হবে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক আরেকটি ওপেন-এয়ার কনসার্ট। মুনসুন কালচারাল অ্যালায়েন্স আয়োজিত সম্পূর্ণ উন্মুক্ত এ কনসার্টে পারফর্ম করবেন আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর, আসিফ আকবর, সেজান, পারশা মাহজাবীনসহ দেশের খ্যাতিমান একাধিক জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পী।

বিজ্ঞাপন